গাইবান্ধায় জাতীয় পরিসংখ্যান দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান কার্যালয়ের যৌথ উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মো. মনিরুজ্জামান। এতে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খাদিজা বেগম।
পলাশবাড়ী উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ফারুক হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক আবু সালেহ মো. রব্বানী।
অনুষ্ঠানে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে গাইবান্ধা জেলার বিভিন্ন পরিসংখ্যানভিত্তিক তথ্যচিত্র উপস্থাপন করেন সদর উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ইবনুল ফজল মন্ডল।
আলোচনা সভায় বক্তারা পরিসংখ্যানের গুরুত্ব তুলে ধরে বলেন, সঠিক পরিসংখ্যান ছাড়া কোনো পরিকল্পনাই সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব নয়। ভুল বা অপরিকল্পিত পরিসংখ্যান দেশের সামগ্রিক উন্নয়নকে বাধাগ্রস্ত করে। তাই টেকসই উন্নয়ন নিশ্চিত করতে নির্ভুল ও নির্ভরযোগ্য পরিসংখ্যান অত্যন্ত জরুরি।
সভায় জেলার সাতটি উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের পরিসংখ্যান তদন্তকারী ও জুনিয়র পরিসংখ্যান সহকারী ছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

