
পাবনায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১২-এর অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) রাতে পাবনা সদর থানার বালিয়াহালট মডেল মসজিদের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তির নাম নুরুজ্জামান (৫০)। তিনি পাবনার ঈশ্বরদী উপজেলার পূর্ব ডিঙ্গী এলাকার মৃত পাষান শেখের ছেলে।
এসআরবি-১২, সিপিসি-২ পাবনার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার ডলি রানী সরকারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
এসআরবি সূত্রে জানা যায়, গ্রেপ্তার নুরুজ্জামানের বিরুদ্ধে ঢাকা জেলার শাহবাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে। ওই মামলায় তিনি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি হিসেবে পলাতক ছিলেন।
গ্রেপ্তারের পর তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট মামলার নথিপত্রসহ পাবনার ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার নম্বর ১২(৯)০৭, জিআর-৩৩৯/১৬। মামলাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯(১)-এর ৩(খ) ধারায় করা হয়েছে।
এ বিষয়ে এসআরবি-১২, সিপিসি-২-এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার ডলি রানী সরকার বলেন, পাবনাসহ সারা দেশে অপরাধ দমনে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে জোরালো ভূমিকা পালন করছে।
তিনি আরও বলেন, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, অবৈধ দখলদার, সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, অপহরণকারী, ধর্ষক ও প্রতারকদের গ্রেপ্তারের মাধ্যমে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এসআরবি সদা তৎপর রয়েছে।

