
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কুমিল্লার দেবিদ্বারে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি সমাবেশ ও শোডাউনকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ সময় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রাশেদা বেগম হীরার গাড়িবহরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এতে কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক এমএ আউয়াল খানের একটি গাড়ির গ্লাস ভাঙচুর করা হয়।
রোববার (৮ নভেম্বর) বিকেলে দেবিদ্বার পৌরসভার নিউ মার্কেট ও কালাচাঁন মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিকেলে দেবিদ্বার উপজেলা বিএনপির উদ্যোগে নিউ মার্কেট চত্বরে আলোচনা সভা ও র্যালির আয়োজন করা হয়। উপজেলা বিএনপির আহ্বায়ক জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রাশেদা বেগম হীরা। প্রধান বক্তা ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আবুল হাসেম।
এ ছাড়া অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাইদুর রহমান লিটন, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক এমএ আউয়াল খানসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
অন্যদিকে, কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার রেজবিউল আহসান মুন্সী ও সাবেক সদস্য সচিব এএফএম তারেক মুন্সীর নেতৃত্বে দেবিদ্বার সরকারি রেয়াজউদ্দিন পাইলট মডেল উচ্চবিদ্যালয় মাঠে পৃথক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য আলহাজ্ব ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী।
দুই পক্ষের পাল্টাপাল্টি সমাবেশ ও মিছিলকে কেন্দ্র করে দিনভর দেবিদ্বার উপজেলা সদরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, উপজেলা বিএনপির সমাবেশ শেষে একটি মিছিল উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। অন্যদিকে ব্যারিস্টার রেজবিউল আহসান মুন্সী ও এএফএম তারেক মুন্সীর নেতৃত্বে অপর পক্ষের মিছিল উপজেলা পরিষদের দিকে অগ্রসর হয়। এ সময় সংরক্ষিত সংসদ সদস্য রাশেদা বেগম হীরা ও অন্য অতিথিরা উপজেলা চত্বর থেকে বের হয়ে যাওয়ার পথে কালাচাঁন মার্কেটের সামনে দুই পক্ষ মুখোমুখি হয়। এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
একপর্যায়ে রাশেদা বেগম হীরার গাড়িতে হাত দিয়ে আঘাত করা হয় এবং আপত্তিকর স্লোগান দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। এ সময় এমএ আউয়াল খানের গাড়ির গ্লাসও ভাঙচুর করা হয়।
এমএ আউয়াল খান অভিযোগ করে বলেন, সমাবেশ শেষে ফেরার পথে কালাচাঁন মার্কেটের সামনে তাঁরা অপর পক্ষের নেতাকর্মীদের মুখোমুখি হন। এ সময় বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া ও সংরক্ষিত সংসদ সদস্য রাশেদা বেগম হীরাকে নিয়ে আপত্তিকর স্লোগান দেওয়া হচ্ছিল। তাঁদের নেতাকর্মীরা স্লোগান দিতে নিষেধ করলে গাড়িবহরে হামলা চালানো হয় এবং তাঁর গাড়ি ভাঙচুর করা হয়। এ ঘটনার নেতৃত্বে এএফএম তারেক মুন্সী ছিলেন বলেও অভিযোগ করেন তিনি।
তবে অভিযোগ অস্বীকার করে কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য সচিব এএফএম তারেক মুন্সী বলেন, এ ধরনের ঘটনার বিষয়ে তাঁদের জানা নেই। তাঁর বিরুদ্ধে করা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।
সংরক্ষিত সংসদ সদস্য রাশেদা বেগম হীরা বলেন, তাঁরা সুন্দরভাবে কর্মসূচি শেষ করে ফেরার পথে অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার হয়েছেন। সংগঠনের কর্মসূচি ঘিরে যারা ভীতি প্রদর্শন করতে চায়, তাদের দলের লোক হিসেবে বিবেচনা করা যায় কি না, এমন প্রশ্ন তুলে তিনি বলেন, কারও কোনো অভিযোগ থাকলে সরাসরি তাঁদের সঙ্গে কথা বলতে পারতেন। আওয়ামী লীগের মতো আক্রমণাত্মক আচরণ করে তাঁরা যেন আওয়ামী লীগেরই প্রতিনিধিত্ব করছেন।
তিনি আরও বলেন, এ সময় তাঁদের গাড়িতে আঘাত করা হয় এবং সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার নাম ধরে গালাগাল করা হয়। পরে পুলিশ তাঁদের নিরাপত্তা দিয়ে ঘটনাস্থল থেকে সরিয়ে নেয়।
এ বিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মরিজ্জামান বলেন, কুমিল্লা-৪ আসনের দায়িত্বপ্রাপ্ত সংসদ সদস্য রাশেদা বেগম হীরা কর্মসূচি শেষে চলে যাওয়ার সময় দুই পক্ষ মুখোমুখি হলে উত্তেজনার সৃষ্টি হয়। এ সময় এমএ আউয়াল খানের গাড়ির গ্লাস ভাঙচুর করা হয়। পুলিশ তাৎক্ষণিকভাবে তাঁদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

