
“জিয়াউর রহমান নেতৃত্ব না দিলে বাংলাদেশের অস্তিত্ব, স্বাধীনতা ও সার্বভৌমত্ব থাকত না”—এমন মন্তব্য করেছেন নরসিংদী-১ (সদর) আসনের সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন।
রবিবার (৮ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নরসিংদী তাঁত বোর্ড ইনস্টিটিউটের অডিটোরিয়ামে ‘শহীদ জিয়ার জীবন ও কর্ম’ শীর্ষক চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতার অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
খায়রুল কবির খোকন বলেন, দেশের মানুষের আস্থা ও বিশ্বাসের জায়গা একজন মানুষ—তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দেশের মানুষকে বুঝতে হবে, কী ষড়যন্ত্র হয়েছিল এবং কোন প্রেক্ষাপটে সেই ষড়যন্ত্র হয়েছিল।
তিনি বলেন, জিয়াউর রহমান একবার যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য তিনি ‘বীর উত্তম’ খেতাব পেয়েছেন। যুদ্ধের পর লোভ-লালসার ঊর্ধ্বে উঠে তিনি ব্যারাকে ফিরে গিয়েছিলেন। পরবর্তীতে দেশ ও জাতির সংকটের সময় সিপাহি-জনতা বুঝতে পেরেছিল, জিয়াউর রহমানের নেতৃত্বেই দেশকে রক্ষা করা সম্ভব।
তিনি আরও বলেন, দেশের মানুষের আস্থা ও বিশ্বাসের জায়গা জিয়াউর রহমান। দেশের সংকটময় মুহূর্তে মানুষ তাঁর নেতৃত্বের ওপরই ভরসা রেখেছিল।
অনুষ্ঠানে নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী বলেন, ৭ নভেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম বাদ দিয়ে ৭ নভেম্বর হতে পারে না।
তিনি বলেন, “আপনারা যদি ৭ নভেম্বর রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম বাদ দিয়ে কোনো অনুষ্ঠান করেন, তাহলে সেই অনুষ্ঠান হবে না। যত বড় নেতা, অফিসার কিংবা রাজনীতিবিদই হোন না কেন, তাঁর নাম বাদ দিয়ে কোনো অনুষ্ঠান হতে পারে না। এমন হতে পারে—জানি, কিন্তু মানি না।”
এ সময় জেলা ছাত্রদল ও বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

