
পাবনার চাটমোহরে সরকারি বরাদ্দের সার বিতরণকে কেন্দ্র করে বিক্ষুব্ধ হয়ে প্রায় ৬০০ বস্তা সার নিয়ে গেছেন কৃষকরা। সোমবার (৯ নভেম্বর) সকালে চাটমোহর উপজেলার ছাইকোলা ইউনিয়নে প্রদীপ কুমারের ডিলার পয়েন্টে এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালিদ হাসান।
প্রত্যক্ষদর্শী চাটমোহর উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, সোমবার সকাল থেকে ছাইকোলা ইউনিয়নের জন্য বরাদ্দ করা সার প্রদীপ কুমারের ডিলার পয়েন্টে বিতরণ করা হচ্ছিল। সেখানে ইউরিয়া, এমওপি ও ডিএপিসহ মোট ১ হাজার ১৮১ বস্তা সার মজুত ছিল। বিতরণের জন্য এরই মধ্যে ১৭১টি মেমো করা হয়েছিল।
তিনি জানান, বেলা সাড়ে ১১টার দিকে হঠাৎ ডিলার পয়েন্টে উপস্থিত কৃষকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে বিশৃঙ্খলা সৃষ্টি হলে বিক্ষুব্ধ ব্যক্তিরা ডিলার পয়েন্ট থেকে প্রায় ৬০০ বস্তা সার নিয়ে যান।
বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে ঘটনাস্থলে যান পাবনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জাহাঙ্গীর আলম প্রামাণিক, চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা খালিদ হাসান এবং চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলিউর রহমান।
চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা খালিদ হাসান বলেন, খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে এসেছেন। কী কারণে এমন ঘটনা ঘটেছে, তা জানতে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলা হচ্ছে। বিস্তারিত তথ্য পরে জানানো সম্ভব হবে।
পাবনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জাহাঙ্গীর আলম প্রামাণিক বলেন, ঘটনাস্থলে এসে তিনি জানতে পেরেছেন, বিক্ষুব্ধ ব্যক্তিরা ডিলার পয়েন্টের গোডাউন ভেঙে সার নিয়ে গেছেন। বিষয়টি খতিয়ে দেখতে তাঁরা কাজ করছেন।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলিউর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার সঠিক তদন্তের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেন, জেলায় সারের কোনো সংকট নেই। চাহিদার অতিরিক্ত সার সরকার বরাদ্দ দিয়েছে। বিতরণের সময় দীর্ঘ লাইন তৈরি হয়েছিল। এ সময় কিছু মানুষ বিশৃঙ্খলা সৃষ্টি করে সার নিয়ে যান। প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থলে মাইকিং করে কৃষকদের সার ফেরত দেওয়ার আহ্বান জানানো হচ্ছে। এ ঘটনায় পরবর্তী সময়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

