
গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং সম্ভাব্য নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে তিন প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
গত ১০ নভেম্বর থেকে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর তত্ত্বাবধানে গোপালগঞ্জ জেলায় বিজিবির তিন প্লাটুন সদস্য দায়িত্ব পালন করছেন।
বিজিবি জানায়, জেলার নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন করা সদস্যরা স্থানীয় প্রশাসন, জেলা ম্যাজিস্ট্রেট, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছেন। সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে দিন-রাত টহল, যৌথ টহল ও মোবাইল পেট্রোল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
এ ছাড়া জেলার সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং মাঠপর্যায়ের কার্যক্রম সমন্বয়ে বিশেষ নজরদারি ব্যবস্থা গ্রহণ করেছে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি বলেন, গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবির পক্ষ থেকে নিরাপত্তা জোরদার করা হয়েছে। কোনো দুষ্কৃতকারী যাতে নাশকতামূলক কর্মকাণ্ড ঘটাতে না পারে, সে বিষয়ে বিজিবি আগে থেকেই সতর্ক অবস্থানে রয়েছে।
তিনি আরও জানান, যেকোনো প্রয়োজনে তাৎক্ষণিক সহযোগিতা দেওয়ার জন্য যশোর ব্যাটালিয়নের সদর দপ্তরে একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে।

