রাজনৈতিক সহিংসতার জেরে শরীরের বিভিন্ন সংবেদনশীল স্থানে পাঁচটি টেটা (ধারালো লৌহদণ্ড) বিদ্ধ হওয়া ৩৫ বছর বয়সী যুবক সবুজকে এক অত্যন্ত জটিল ও ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচারের মাধ্যমে নতুন জীবন দিয়েছেন দেশের প্রখ্যাত নিউরোসার্জারি বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক ডা. মো. হুমায়ুন রশিদ। তিনি ঢাকার তুরাগে অবস্থিত ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন।
আহত সবুজ ব্রাহ্মণবাড়ীয়া জেলার বাঞ্ছারামপুর থানার বাসিন্দা। গ্রামবাসীদের মধ্যে রাজনৈতিক মারামারির ঘটনায় তিনি মারাত্মকভাবে টেটাবিদ্ধ হন। গতকাল ভোর আনুমানিক ৬টায় তাকে জীবনসংকটাপন্ন অবস্থায় হাসপাতালে আনা হলে, তাৎক্ষণিকভাবে চিকিৎসার হাল ধরেন মস্তিষ্ক, স্নায়ু, মেরুদণ্ড ও স্ট্রোক সার্জারি বিশেষজ্ঞ ডা. মো. হুমায়ুন রশিদ।
রোগীর শরীরে বিদ্ধ পাঁচটি টেটার মধ্যে সবচেয়ে বিপজ্জনক ছিল মাথার পেছনের ডান পাশে থাকা টেটাটি, যা মেরুদণ্ডের উপরের অংশের অত্যন্ত সংবেদনশীল স্থানে আটকে ছিল। একটু উনিশ-বিশ হলেই রোগীর চিরতরে পঙ্গুত্ব বা মৃত্যুর ঝুঁকি ছিল। বাকি চারটি টেটা ছিল কোমরের নিচের অংশে ও ডান হাঁটুর আশপাশে।
ডা. মো. হুমায়ুন রশিদের সার্বিক তত্ত্বাবধান ও সরাসরি নেতৃত্বে দ্রুত ট্রমা প্রটোকল মেনে এক্স-রে ও প্রয়োজনীয় পরীক্ষা শেষে রোগীকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। প্রায় ১ ঘণ্টা ৩০ মিনিটব্যাপী চলমান এই অত্যন্ত সংবেদনশীল অস্ত্রোপচারে তাঁর চিকিৎসাদলে অংশ নেন নিউরোসার্জারি বিভাগের ডা. রাহাদ উল ইসলাম, অর্থোপেডিক্সের ডা. মাহমুদুল হাসান এবং এনেস্থেশিওলজির ডা. সাইমুস শাকির। ডা. হুমায়ুন রশিদের দীর্ঘ অভিজ্ঞতা ও নিখুঁত দিকনির্দেশনায় কোনো বড় ক্ষতি ছাড়াই পাঁচটি টেটাই সফলভাবে অপসারণ করা হয়।
অস্ত্রোপচার শেষে ডা. মো. হুমায়ুন রশিদ জানান, সফলভাবে টেটাগুলো বের করার পর রোগীর স্বাভাবিক জ্ঞান ফিরে এসেছে এবং বর্তমানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। এই সফল অস্ত্রোপচারের মাধ্যমে ডা. হুমায়ুন রশিদ ও তাঁর দল আবারও প্রমাণ করলেন যে, জটিল নিউরো ও ট্রমা চিকিৎসায় ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ হাসপাতাল এখন বৃহত্তর উত্তরা ও তুরাগ অঞ্চলের মানুষের কাছে একটি নির্ভরযোগ্য আস্থার প্রতীক।

