
মার্কিন সুপ্রিম কোর্টের এক গুরুত্বপূর্ণ রায়ের ফলে ট্রাম্প প্রশাসন হাইতি ও সিরিয়ার ৩ লাখ ৫০ হাজারের বেশি অভিবাসীর জন্য ‘অস্থায়ী সুরক্ষা মর্যাদা’ (টিপিএস) বাতিলের আইনি ক্ষমতা পেয়েছে। এর ফলে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বৈধভাবে বসবাস ও কাজ করে আসা এসব অভিবাসীর যুক্তরাষ্ট্রজীবনের অবসান ঘটার আশঙ্কা তৈরি হয়েছে।
রোববার সিএনএনের ‘স্টেট অব দ্য ইউনিয়ন’ অনুষ্ঠানে উপস্থিত হয়ে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের (ডিএইচএস) প্রধান মার্কওয়েইন মালিন প্রশাসনের পরবর্তী পরিকল্পনার বিস্তারিত তুলে ধরেন। সিএনএন উপস্থাপক জেক ট্যাপারকে মালিন বলেন, “টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাস (টিপিএস) কখনোই স্থায়ী নাগরিকত্বের জন্য তৈরি করা হয়নি।” তিনি উল্লেখ করেন, অনেক টিপিএস সুবিধাভোগী ১৫ থেকে ২০ বছর ধরে যুক্তরাষ্ট্রে আছেন এবং এই দীর্ঘ সময়ে তাদের প্রচলিত আইনি পথে বৈধ স্থায়ী মর্যাদা অর্জনের সুযোগ ছিল।
ডিএইচএস প্রধানের মতে, ক্ষতিগ্রস্ত অভিবাসীদের সামনে এখন কয়েকটি বিকল্প রয়েছে। তারা স্থায়ী বাসিন্দা হওয়ার আবেদন করতে পারেন, অস্থায়ী ভিসার চেষ্টা করতে পারেন অথবা নিজ দেশে ফিরে যেতে পারেন। তবে যুক্তরাষ্ট্রে থেকে যাওয়ার প্রক্রিয়াটি হবে অত্যন্ত কঠোর। যাদের বিরুদ্ধে গুরুতর অপরাধের রেকর্ড রয়েছে বা যারা করদাতাদের অর্থের ওপর নির্ভরশীল, তাদের আবেদন সরাসরি প্রত্যাখ্যান করা হবে। অন্যদিকে, যারা পূর্ণকালীন চাকরি করছেন, তারা নির্দিষ্ট শর্তে নিয়মিত অভিবাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়ার সুযোগ পেতে পারেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, যারা স্বেচ্ছায় দেশত্যাগ করবেন তাদের একটি বিমানের টিকিট এবং নতুন করে জীবন শুরু করতে প্রায় ২,১০০ ডলার আর্থিক সহায়তা দেওয়া হবে। তবে যারা অন্য কোনো বৈধ মর্যাদায় রূপান্তরিত হতে ব্যর্থ হবেন এবং স্বেচ্ছায় দেশ ছাড়বেন না, তাদের জোরপূর্বক বহিষ্কারের প্রস্তুতি নিচ্ছে ফেডারেল সরকার।
নিরাপত্তা ও বিমান চলাচলের সীমাবদ্ধতার কারণে হাইতি ও সিরিয়ায় বাণিজ্যিক ফ্লাইট বন্ধ থাকা প্রসঙ্গে মালিন জানান, সরকার বাণিজ্যিক বিধিনিষেধ এড়িয়ে নিজস্ব বিশেষ বহিষ্কার ফ্লাইট ব্যবহার করবে।
হাইতির চরম গ্যাং সহিংসতা ও মার্কিন পররাষ্ট্র দপ্তরের ‘লেভেল-৪’ ভ্রমণ সতর্কতার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে মালিন যুক্তি দেখান, এই সতর্কতা মূলত মার্কিন নাগরিকদের অপহরণের ঝুঁকির কথা বিবেচনা করে দেওয়া হয়েছে, নিজ দেশে ফিরে যাওয়া হাইতিয়ানদের জন্য নয়। ডিএইচএস প্রধান দাবি করেন, হাইতি ও সিরিয়ার দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা ও সমাজ পুনর্গঠনের জন্য তাদের এই ‘সেরা মানুষদের’ নিজ নিজ দেশে ফিরে যাওয়া প্রয়োজন এবং মার্কিন সরকার সেই প্রক্রিয়াই বাস্তবায়ন করছে।

