মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে রাজধানী কুয়ালালামপুরের চেরাস এলাকার ‘তামান মালুরি’ রাতের বাজারে (পাসার মালাম) বড় ধরনের সাঁড়াশি অভিযান চালিয়েছে দেশটির অভিবাসন বিভাগ (জেআইএম)। ‘অপ কুটিপ’ নামের এই বিশেষ অভিযানে বাংলাদেশিসহ সাতটি দেশের ২০০ জন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে।
দেশটির সংবাদমাধ্যম ‘হারিয়ান মেট্রো’র এক প্রতিবেদনে বলা হয়, রোববার সন্ধ্যায় পরিচালিত এই অভিযানে অভিবাসন বিভাগের সদস্যদের উপস্থিতি টের পেয়েই বাজারজুড়ে হুড়োহুড়ি শুরু হয়। সন্দেহভাজন অনেক অভিবাসী বিভিন্ন দিকে ছুটে পালানোর চেষ্টা করলেও আগে থেকে কৌশলগতভাবে অবস্থান নেওয়া কর্মকর্তারা তাদের চারপাশ থেকে ঘিরে আটক করেন।
অভিযানে উপস্থিত গণমাধ্যমকর্মীরা জানান, আটক হওয়া অধিকাংশ বিদেশি মূলত স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে কাঁচাবাজার, মাছ-মাংস ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী কিনতে বাজারে এসেছিলেন। প্রতিদিনের মতো ওই সন্ধ্যাতেও বাজারটিতে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি আশপাশে বসবাসকারী বিপুলসংখ্যক বিদেশি শ্রমিক ও অভিবাসীর উপস্থিতি ছিল।
কুয়ালালামপুর অভিবাসন বিভাগের পরিচালক হামশা ইনজাউ জানান, স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এবং দুই সপ্তাহের গোপন গোয়েন্দা নজরদারির ভিত্তিতে কুয়ালালামপুর সিটি হলের (ডিবিকেএল) সহযোগিতায় এই অভিযান চালানো হয়। অভিযানে মোট ৫০০ জনের কাগজপত্র যাচাই করা হয়। এর মধ্যে ৪০৭ জন বিদেশি এবং ৯৩ জন মালয়েশিয়ার নাগরিক ছিলেন। যাচাই-বাছাই শেষে ১২৫ জন পুরুষ ও ৭৫ জন নারীসহ মোট ২০০ জনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মিয়ানমার, ভিয়েতনাম, চীন, পাকিস্তান ও ভারতের নাগরিক।
অভিবাসন বিভাগ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান, বৈধ ভ্রমণ নথি না থাকা, পাসের অপব্যবহার এবং ১৯৫৯/৬৩ সালের অভিবাসন আইন লঙ্ঘনের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে।
এদিকে কুয়ালালামপুর সিটি হলের (ডিবিকেএল) এনফোর্সমেন্ট পরিচালক মোহদ মুজ্জামের জামালউদ্দিন বলেন, তাদের পর্যবেক্ষণে দেখা গেছে, আটক বিদেশি নাগরিকরা ওই বাজারে মূলত ক্রেতা হিসেবেই আসতেন। স্থানীয় ব্যবসা পরিচালনার সঙ্গে তাদের সরাসরি সম্পৃক্ততার প্রমাণ মেলেনি।
অভিযান-পরবর্তী সংবাদ সম্মেলনে পরিচালক হামশা ইনজাউ সতর্ক করে বলেন, “রাজধানীর বিভিন্ন এলাকায় অভিবাসন আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে। শুধু অবৈধ অভিবাসীই নয়, তাদের নিয়োগদাতা, ব্যবসাপ্রতিষ্ঠানের মালিক, দালালচক্র এবং যারা অবৈধদের আশ্রয় বা সহযোগিতা দিচ্ছে, তাদের বিরুদ্ধেও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে মালয়েশিয়া সরকার অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণে দেশজুড়ে কঠোর অবস্থান নিয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি কর্মীদের সব সময় বৈধ পাসপোর্ট, কর্মপারমিট (আকামা) ও প্রয়োজনীয় নথিপত্র সঙ্গে রাখার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

