
যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের গ্রেপ্তারে চলন্ত যানবাহন থামিয়ে তল্লাশি বা ‘ট্রাফিক স্টপ’ পদ্ধতি অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মাধ্যমে তিনি দেশের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই)-এর সাম্প্রতিক সেই সিদ্ধান্ত বাতিল করলেন, যেখানে কর্মকর্তাদের চলন্ত গাড়ি থামিয়ে অভিবাসীদের আটক বা জিজ্ঞাসাবাদ করতে নিষেধ করা হয়েছিল।
গত বুধবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ ট্রাম্প লিখেছেন, “আমাদের শক্ত, কঠোর ও বিচক্ষণ হতে হবে। আইসিই-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ ও কার্যকর অপরাধ দমন পদ্ধতিগুলোর একটি এই ট্রাফিক স্টপ, যা আমরা কোনোভাবেই পরিত্যাগ করতে পারি না। এটি বন্ধ করলে আমরা অপরাধীদেরই সুবিধা করে দেব।” তিনি কর্মকর্তাদের অবিলম্বে তাঁদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দায়িত্ব ও অভিযানে ফিরে যাওয়ার নির্দেশ দেন।
প্রেসিডেন্টের এই ঘোষণার পর হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস) সচিব মার্কওয়েন মুলিন সরাসরি কোনো মন্তব্য না করলেও এক বিবৃতিতে বলেন, “আমাদের এক নম্বর লক্ষ্য হলো কর্মকর্তাদের নিরাপদ রাখা এবং অপরাধীদের রাস্তা থেকে সরিয়ে দেওয়া। যারা অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন, তাদের যেখানেই পাওয়া যাবে গ্রেপ্তার করে বহিষ্কার করা হবে। আপনি যদি অবৈধভাবে এখানে থাকেন, তবে এখনই দেশ ছেড়ে চলে যান।”
সংশ্লিষ্ট বর্তমান ও সাবেক কর্মকর্তারা জানিয়েছেন, সম্প্রতি মেইন অঙ্গরাজ্যের উপকূলীয় শহর বিডেফোর্ডে এক অভিবাসন অভিযানের সময় ফেডারেল কর্মকর্তার গুলিতে ২৬ বছর বয়সী এক ব্যক্তি নিহত হন। এছাড়া টেক্সাসের হিউস্টনে আরেকটি অভিযানে আরও একজন নিহত হন। মেইন ও টেক্সাসের আইনপ্রণেতারা জানিয়েছেন, নিহত দুজনের কেউই মূল অভিযানের লক্ষ্য ছিলেন না। এই দুটি প্রাণঘাতী ঘটনার পর তীব্র সমালোচনার মুখে আইসিই নেতৃত্ব সাময়িকভাবে চলন্ত যানবাহন থামিয়ে তল্লাশি স্থগিতের সিদ্ধান্ত নিয়েছিল।
এর আগেও চলতি বছরের শুরুতে মিনেসোটায় পৃথক ঘটনায় দুই মার্কিন নাগরিক—অ্যালেক্স প্রেটি ও রেনি গুড—অভিবাসন কর্মকর্তাদের গুলিতে নিহত হলে দেশজুড়ে ব্যাপক জনসমালোচনা তৈরি হয়। বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্প প্রশাসনের গণহারে অভিবাসী বহিষ্কারের প্রতিশ্রুতি বাস্তবায়নে একদিকে যেমন গ্রেপ্তারের সংখ্যা বাড়ানোর চাপ রয়েছে, অন্যদিকে সাম্প্রতিক প্রাণঘাতী অভিযানগুলোর পর ডিএইচএস-এর প্রয়োগ নীতি তীব্র আইনি ও রাজনৈতিক চ্যালেঞ্জের মুখে পড়েছে।

