
আহমাদুল কবির, মালয়েশিয়া :
দীর্ঘ ৭০ বছরের জীবনসঙ্গীকে শেষ বিদায় জানালেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী তুন ড. মাহাথির মোহাম্মদ। সোমবার (২৮ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় মর্যাদায় পুত্রজায়ার পুসারা নেগারায় দাফন করা হয়েছে তাঁর স্ত্রী তুন ড. সিতি হাসমাহ মোহাম্মদ আলিকে। ১০০ বছর বয়সে মারা যাওয়া সিতি হাসমাহর শেষ বিদায়ের সময় হুইলচেয়ারে বসে ও অক্সিজেন টিউব নিয়ে উপস্থিত ছিলেন ১০১ বছর বয়সী মাহাথির।
স্ত্রীর জানাজা ও দাফনের পুরো আনুষ্ঠানিকতায় উপস্থিত ছিলেন মাহাথির। শেষ বিদায়ের মুহূর্তে তাঁকে বিষণ্ন ও অশ্রুসিক্ত দেখা যায়। সাত দশকের দাম্পত্য জীবনের সঙ্গীকে হারানোর এই মুহূর্তটি হয়ে ওঠে তাঁর দীর্ঘ জীবনের অন্যতম আবেগঘন অধ্যায়।
সোমবার সকাল ৯টা ২০ মিনিটে কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউট (IJN)-এ শেষনিঃশ্বাস ত্যাগ করেন সিতি হাসমাহ। তাঁর মৃত্যুর বিষয়টি ছেলে তান শ্রী মোখজানি মাহাথির নিশ্চিত করেন।
পরে তাঁর মরদেহ পরিবারের বাসভবনে নেওয়া হয়। সেখানে স্বজন ও ঘনিষ্ঠজনরা ইয়াসিন পাঠ করেন এবং শেষ শ্রদ্ধা জানান। এরপর বিকেলে সেরি কেমবাংগানের মসজিদ আস-শরিফে অনুষ্ঠিত হয় জানাজা। সেখানে মাহাথিরসহ পরিবারের সদস্য, রাজনীতিক ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
এরপর পুত্রজায়ার প্রিসিন্ট ২০-এর পুসারা নেগারায় রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর দাফন সম্পন্ন হয়। সন্ধ্যা ৬টা ২০ মিনিটে দাফন শেষ হয়।
মাহাথির মোহাম্মদ ও সিতি হাসমাহর সম্পর্কের শুরু মেডিকেল কলেজে পড়ার সময়। দীর্ঘ পরিচয়ের পর ১৯৫৬ সালের আগস্টে তাঁদের বিয়ে হয়। চলতি বছর তাঁদের দাম্পত্য জীবনের ৭০ বছর পূর্ণ হয়।
দীর্ঘ রাজনৈতিক জীবনে মাহাথির যখন মালয়েশিয়ার নেতৃত্বে ছিলেন, তখন সিতি হাসমাহকে বিভিন্ন সামাজিক ও জনস্বাস্থ্য উদ্যোগে সক্রিয় থাকতে দেখা গেছে। তিনি ছিলেন মালয়েশিয়ার অগ্রণী নারী চিকিৎসকদের একজন এবং মাতৃ ও শিশুস্বাস্থ্যসহ জনস্বাস্থ্য সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে কাজ করেছেন।
সিতি হাসমাহ শুধু মাহাথির মোহাম্মদের স্ত্রী হিসেবেই পরিচিত ছিলেন না। চিকিৎসক হিসেবে তাঁর নিজস্ব পেশাগত পরিচয়ও ছিল। মালয়েশিয়ার জনস্বাস্থ্য ও সামাজিক কর্মকাণ্ডে দীর্ঘদিন ভূমিকা রেখেছেন তিনি।
মাতৃস্বাস্থ্য, পরিবারকল্যাণ ও মাদকবিরোধী সচেতনতাসহ বিভিন্ন সামাজিক বিষয়ে তাঁর সম্পৃক্ততা ছিল। ফলে মাহাথিরের দীর্ঘ রাজনৈতিক জীবনের পাশাপাশি সিতি হাসমাহও মালয়েশিয়ার জনজীবনে আলাদা পরিচিতি তৈরি করেন।
সিতি হাসমাহর মৃত্যুর পর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তাঁর প্রতি শ্রদ্ধা জানান এবং সরকার তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের সিদ্ধান্ত নেয়। দেশটির রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জানান।
সাত দশকের দাম্পত্য জীবনের পর সিতি হাসমাহর বিদায়ে মাহাথিরের অশ্রুসিক্ত উপস্থিতি ছুঁয়ে গেছে উপস্থিত অনেককেই। জীবনের দীর্ঘ পথচলায় যে মানুষটি পাশে ছিলেন, শেষ যাত্রায় তাঁকেই বিদায় জানিয়ে নীরব হয়ে রইলেন মালয়েশিয়ার এই প্রবীণ রাজনীতিক।

