সাজিদুল ইসলাম, সৌদি আরব:

সৌদি আরবে বাংলাদেশি পোশাক ও টেক্সটাইল পণ্যের বাজার সম্প্রসারণ এবং দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক জোরদারের লক্ষ্যে জেদ্দায় বিটুবি (B2B) নেটওয়ার্কিং সভা ও আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
‘সৌদি ফ্যাশন অ্যান্ড টেক্স এক্সপো ২০২৬’ উপলক্ষে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, জেদ্দার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সেমিনারের মূল প্রতিপাদ্য ছিল, ‘সৌদি আরব ও বৈশ্বিক বাজারে বাংলাদেশি পোশাক শিল্পের উৎকর্ষের অগ্রগতি: ঐতিহ্য থেকে উচ্চ-প্রযুক্তিগত টেকসই প্রবৃদ্ধি।’
সেমিনারে বাংলাদেশের পোশাক খাতের সক্ষমতা, বাণিজ্যিক সম্ভাবনা ও টেকসই প্রবৃদ্ধির কৌশল তুলে ধরেন মিনিস্টার (কমার্শিয়াল) সৈয়দা নাহিদা হাবিবা।
অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য দেন অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন (ওআইসি)-এ নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত এমজেএইচ জাবেদ এবং কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক মো. মাজহারুল ইসলাম।
সেমিনারে সৌদি আরবসহ জিসিসি (GCC) বাজারের চাহিদা অনুযায়ী পণ্যের বৈচিত্র্য আনা, গুণগত মান বজায় রাখা এবং প্রযুক্তিগত উৎকর্ষ সাধনের ওপর গুরুত্ব দেওয়া হয়।
কনসাল জেনারেল মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন, সৌদি আরবের বড় ও সম্ভাবনাময় বাজারে বাংলাদেশের তৈরি পোশাক ও টেক্সটাইল পণ্যের বাজার সম্প্রসারণে বাংলাদেশি ব্যবসায়ী ও সৌদি আমদানিকারকদের মধ্যে সরাসরি সংযোগ স্থাপন জরুরি।
তিনি বলেন, এ ধরনের বিটুবি নেটওয়ার্কিং ও সেমিনার দেশীয় পণ্যের প্রচার এবং নতুন ব্যবসায়িক সুযোগ তৈরিতে কার্যকর ভূমিকা রাখবে। ব্যবসায়ীদের সহযোগিতায় কনস্যুলেটের পক্ষ থেকে সর্বাত্মক সহায়তার আশ্বাসও দেন তিনি।
রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)-এর অর্থায়নে এবং বাণিজ্য মন্ত্রণালয় ও জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটের সার্বিক সহযোগিতায় আয়োজিত এবারের প্রদর্শনীতে বাংলাদেশ থেকে অংশ নেওয়া ১১টি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বিটুবি সেশন ও সেমিনারে অংশ নেন।
অনুষ্ঠানে সৌদি আরবের ফ্যাশন ও টেক্সটাইল খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা, ব্যবসায়ী, সৌদি-বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি আব্দুর রহমান, জেদ্দা গার্মেন্টস ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের সভাপতি রেজাউল করিম টিপুসহ স্থানীয় আমদানিকারক ও উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।
মুক্ত আলোচনায় উভয় দেশের ব্যবসায়ী ও আমদানিকারকেরা নতুন বাজারজাতকরণ কৌশল, বাণিজ্যিক নেটওয়ার্ক তৈরি এবং আমদানি-রপ্তানি বাড়ানোর বিভিন্ন সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন।
আয়োজকদের আশা, এ উদ্যোগের মাধ্যমে মধ্যপ্রাচ্যের বাজারে বাংলাদেশি পোশাক ও টেক্সটাইল পণ্যের উপস্থিতি আরও জোরালো হবে। একই সঙ্গে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বাণিজ্যিক ও অর্থনৈতিক সহযোগিতাও আরও বিস্তৃত হবে।

