
নাইজেরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় আবিয়া রাজ্যের একটি জঙ্গল থেকে অন্তত ২৮ জন মানুষের মাথার খুলি ও হাড়গোড় উদ্ধার করেছে পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা, উদ্ধার হওয়া দেহাবশেষগুলো অপহরণের শিকার ব্যক্তিদের হতে পারে। পরিচয় ও মৃত্যুর কারণ নিশ্চিত করতে ফরেনসিক তদন্ত শুরু হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) প্রকাশিত বিবিসি আফ্রিকার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
গত শনিবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আবিয়া রাজ্যের উমুন্নোচি এলাকার উমুয়াকু ও নেয়াতো জঙ্গলে অভিযান চালায় রাজ্য পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন অপরাধীরা পালিয়ে যায়। পরে তাদের গোপন আস্তানাগুলো তল্লাশি করে ২৮টি মাথার খুলি ও কঙ্কাল উদ্ধার করা হয়।
আবিয়া রাজ্য পুলিশের মুখপাত্র মরিন চিনাকা জানান, অভিযান চলাকালে সন্দেহভাজনরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে ওই আস্তানাগুলো গুঁড়িয়ে দেওয়া হয়।
রাজ্যের পুলিশ কমিশনার উইলফ্রেড আফোলাবি বলেন, অপরাধীদের গোপন আস্তানা উচ্ছেদে চলমান অভিযানের অংশ হিসেবেই এ অভিযান চালানো হয়েছে। উদ্ধার হওয়া দেহাবশেষগুলো কার এবং কীভাবে তাদের মৃত্যু হয়েছে, তা জানতে ফরেনসিক পরীক্ষা চলছে।
পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া দেহাবশেষগুলো নিখোঁজ ব্যক্তিদের সঙ্গে সম্পর্কিত কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে ওই এলাকায় নিরাপত্তা নজরদারি আরও জোরদার করা হয়েছে।
উমুন্নোচি অঞ্চলের জঙ্গল থেকে এর আগেও নিরাপত্তা বাহিনীর অভিযানে অপহৃত ব্যক্তিদের মরদেহ উদ্ধারের ঘটনা ঘটেছে। নাইজেরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় সক্রিয় অপহরণকারী চক্রগুলো মুক্তিপণের জন্য স্থানীয় বাসিন্দা ও পথচারীদের জিম্মি করে থাকে।
এদিকে একই সপ্তাহান্তে নাইজেরিয়ার উত্তরাঞ্চলের দুই রাজ্যে পৃথক গণঅপহরণের ঘটনাও ঘটেছে। এসব ঘটনায় অন্তত ৮০ জন অপহৃত হয়েছেন বলে এএফপির প্রতিবেদনে জানানো হয়েছে।
রোববার নাইজার রাজ্য থেকে প্রায় ৫০ জন কৃষককে বন্দুকধারীরা অপহরণ করে বলে জানা গেছে। একই দিনে প্রতিবেশী জামফারা রাজ্য থেকে আরও প্রায় ৪০ জন নারীকে অপহরণ করা হয়।
নাইজেরিয়ায় দীর্ঘদিন ধরে অপহরণ ও সশস্ত্র অপরাধ বড় ধরনের নিরাপত্তা সংকট হিসেবে দেখা দিয়েছে। বিশেষ করে প্রত্যন্ত এলাকা ও জঙ্গলগুলোতে অপরাধী চক্রের তৎপরতা ঠেকাতে দেশটির নিরাপত্তা বাহিনী নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

