বাংলাদেশসহ ১৯টি দেশের নির্দিষ্ট বিশেষায়িত ওষুধ ও সংশ্লিষ্ট উপকরণে ১০০ শতাংশ শুল্ক থেকে ছাড় দিয়েছে যুক্তরাষ্ট্র। বিরল রোগের ওষুধ, বন্ধ্যত্বের চিকিৎসায় ব্যবহৃত ওষুধ, সেল ও জিন থেরাপি, অ্যান্টিবডি ড্রাগ কনজুগেটসহ কয়েক ধরনের বিশেষ ওষুধ এ সুবিধার আওতায় পড়বে।
ভারতীয় সংবাদমাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ড এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
মার্কিন বাণিজ্য বিভাগের ব্যুরো অব ইন্ডাস্ট্রি অ্যান্ড সিকিউরিটি (BIS) ২৩ সেপ্টেম্বর প্রকাশিত এক নোটিশে শূন্য শতাংশ শুল্কের জন্য যোগ্য দেশগুলোর তালিকা প্রকাশ করে। এতে বাংলাদেশসহ আর্জেন্টিনা, কম্বোডিয়া, ইকুয়েডর, এল সালভাদর, ইউরোপীয় ইউনিয়ন, গুয়েতেমালা, ভারত, ইন্দোনেশিয়া, জাপান, জর্ডান, মালয়েশিয়া, উত্তর মেসিডোনিয়া, দক্ষিণ কোরিয়া, সুইজারল্যান্ড ও লিশটেনস্টাইন, তাইওয়ান, থাইল্যান্ড, যুক্তরাজ্য এবং ভিয়েতনাম রয়েছে।
এই শুল্ক সুবিধা কার্যকর হচ্ছে ২৯ সেপ্টেম্বর থেকে। তবে এটি সব ধরনের ওষুধের ক্ষেত্রে প্রযোজ্য নয়। নির্দিষ্ট শর্ত পূরণ করা বিশেষায়িত ওষুধ ও সংশ্লিষ্ট উপকরণের ক্ষেত্রেই শূন্য শতাংশ শুল্ক প্রযোজ্য হবে।
সুবিধার আওতায় থাকা পণ্যের মধ্যে রয়েছে বিরল রোগের চিকিৎসায় ব্যবহৃত ‘অরফান’ ওষুধ, নিউক্লিয়ার মেডিসিন, প্লাজমা-ভিত্তিক চিকিৎসা, বন্ধ্যত্বের চিকিৎসার ওষুধ, সেল থেরাপি, জিন থেরাপি, অ্যান্টিবডি ড্রাগ কনজুগেট এবং রাসায়নিক, জৈবিক, তেজস্ক্রিয় ও পারমাণবিক হুমকি মোকাবিলায় ব্যবহৃত চিকিৎসা পণ্য। প্রাণীর চিকিৎসায় ব্যবহৃত কিছু ওষুধও এ তালিকায় রয়েছে।
এর আগে ২ এপ্রিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘প্রোক্লেমেশন ১১০২০’ জারি করেন। এর আওতায় নির্দিষ্ট পেটেন্টযুক্ত ফার্মাসিউটিক্যাল পণ্য ও সংশ্লিষ্ট উপকরণের ওপর ১০০ শতাংশ হারে শুল্ক আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানিভেদে এ শুল্ক ৩১ জুলাই থেকে কার্যকর হলেও অন্য কোম্পানিগুলোর ক্ষেত্রে ২৯ সেপ্টেম্বর থেকে কার্যকর হওয়ার কথা ছিল।
মার্কিন বাণিজ্য বিভাগের নোটিশে বলা হয়েছে, সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের বর্তমান বা ভবিষ্যৎ বাণিজ্য ও নিরাপত্তা কাঠামো চুক্তি থাকলে নির্দিষ্ট বিশেষায়িত ওষুধে শূন্য শতাংশ শুল্ক সুবিধা দেওয়া যেতে পারে। কোনো পণ্য যুক্তরাষ্ট্রের জরুরি স্বাস্থ্যগত প্রয়োজন মেটালেও শুল্ক সুবিধার জন্য অনুমোদনের আবেদন করা যাবে।
তবে বর্তমানে সাধারণ বা জেনেরিক ওষুধ ও সংশ্লিষ্ট উপকরণ এই Section 232 ফার্মাসিউটিক্যাল শুল্কের আওতায় পড়ছে না।

