
মরক্কোর ইতিহাসে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পেলেন একজন নারী। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দেশটির রাজা ষষ্ঠ মোহাম্মদ ফাতিমা এজজাহরা এল মানসুরিকে প্রধানমন্ত্রী নিয়োগ করেছেন। একই সঙ্গে তাকে নতুন সরকার গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে। খবর রয়টার্সের।
রাজপ্রাসাদের এক বিবৃতিতে বলা হয়েছে, রাজা ষষ্ঠ মোহাম্মদ মানসুরিকে নতুন সরকার গঠনের দায়িত্ব দিয়েছেন। গত ২৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনে তার দল অথেনটিসিটি অ্যান্ড মডার্নিটি পার্টি (পিএএম) ৩৯৫ আসনের হাউস অব রিপ্রেজেন্টেটিভসে ৯৭টি আসন পেয়ে সবচেয়ে বেশি আসন অর্জন করে।
মরক্কোর সংবিধান অনুযায়ী, পার্লামেন্টের নিম্নকক্ষে সবচেয়ে বেশি আসন পাওয়া দলের নেতা বা নেত্রীকে সরকারপ্রধান হিসেবে নিয়োগ দেন রাজা। তবে পিএএম একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন না করায় নতুন সরকার গঠনে মানসুরিকে জোটের অংশীদার খুঁজতে হবে। সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ১৯৮টি আসন।
৫০ বছর বয়সী মানসুরি পেশায় আইনজীবী। প্রধানমন্ত্রী হওয়ার আগে তিনি জাতীয় পরিকল্পনা, নগর পরিকল্পনা, আবাসন ও নগরনীতি বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি মারাকেশের মেয়র হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
নির্বাচনে পিএএমের পর দ্বিতীয় সর্বোচ্চ ৬৬টি আসন পেয়েছে ন্যাশনাল র্যালি অব ইন্ডিপেন্ডেন্টস (আরএনআই)। তৃতীয় অবস্থানে থাকা ইস্তিকলাল পার্টি পেয়েছে ৬৫টি আসন। ইসলামপন্থি জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (পিজেডি) পেয়েছে ৫৪টি আসন।
নির্বাচনের আগে পিএএম জানিয়েছিল, বিদায়ী সরকারের অংশীদার আরএনআইয়ের সঙ্গে তারা আগের জোটে ফিরবে না। খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি ঠেকানোসহ বিভিন্ন নীতিগত বিষয়ে দুই দলের মধ্যে মতবিরোধ ছিল। তবে সরকার গঠনের আলোচনা নিয়ে মানসুরি বলেছেন, সম্ভাব্য কোনো অংশীদারের ক্ষেত্রেই তার ‘কোনো লাল রেখা’ নেই।
পিজেডির নেতা ও সাবেক প্রধানমন্ত্রী আবদেলিলাহ বেনকিরান জানিয়েছেন, তার দল বিরোধী দল হিসেবে থাকবে। ফলে নতুন সরকার গঠনে পিএএমকে অন্য দলগুলোর সঙ্গে সমঝোতায় যেতে হবে।
নতুন সরকারের সামনে বড় দায়িত্বগুলোর একটি হবে ২০৩০ সালের ফিফা বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি তদারকি করা। মরক্কো স্পেন ও পর্তুগালের সঙ্গে যৌথভাবে ওই বিশ্বকাপ আয়োজন করবে। বিশ্বকাপকে সামনে রেখে দেশটিতে অবকাঠামোসহ বিভিন্ন খাতে প্রায় ২০ বিলিয়ন ডলারের বিনিয়োগ কর্মসূচি চলছে।
এ ছাড়া তরুণদের মধ্যে বাড়তে থাকা অসন্তোষ, কর্মসংস্থান, মূল্যস্ফীতি, সামাজিক সুরক্ষা ও জনসেবার মতো বিষয়েও নতুন সরকারের ওপর চাপ রয়েছে। এবারের নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল প্রায় ৩৮ শতাংশ, যা আগের নির্বাচনের তুলনায় কম।
মরক্কোয় এর আগে নারীরা গুরুত্বপূর্ণ সরকারি দায়িত্ব পালন করলেও সরকারপ্রধানের পদে কোনো নারী ছিলেন না। মানসুরির নিয়োগের মধ্য দিয়ে দেশটির রাজনৈতিক ইতিহাসে প্রথমবারের মতো একজন নারী সরকারপ্রধান হলেন। তিনি আরব বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী। এর আগে তিউনিসিয়ার নাজলা বুদেন এই পদে দায়িত্ব পালন করেন।

