জামায়াত নেতা ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানকে মুক্তি না দিলে রেমিট্যান্স প্রবাহে প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
তিনি দাবি করেছেন, আখতারুজ্জামানের গ্রেপ্তারের ঘটনায় প্রবাসীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। তাদের কেউ কেউ তাকে মুক্তি না দিলে রেমিট্যান্স বন্ধের কথা বলছেন।
রোববার (৪ অক্টোবর) রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মিয়া গোলাম পরওয়ার।
তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রবাসী রেমিট্যান্সযোদ্ধাদের বিভিন্ন বক্তব্য তিনি দেখেছেন। সেখানে আখতারুজ্জামানের মুক্তির দাবি এবং তার গ্রেপ্তারের প্রতিবাদে রেমিট্যান্স বন্ধের কথা বলা হচ্ছে।
মিয়া গোলাম পরওয়ার বলেন, সরকারের কোনো বিষয়ে বিরূপ সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। বিষয়টি রাজনৈতিকভাবে না দেখে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।
আখতারুজ্জামানের গ্রেপ্তারকে ‘রাজনৈতিক প্রতিহিংসা’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, বিমানবন্দরে লাগেজ পেতে দীর্ঘ সময় অপেক্ষা ও ট্রলি সংকট নিয়ে ক্ষোভ প্রকাশের ঘটনায় তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। তবে আখতারুজ্জামান কাউকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন, এমন অভিযোগও তিনি নাকচ করেন।
বিমানবন্দরের অব্যবস্থাপনা তদন্তে কমিটি গঠন এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান জামায়াতের এই নেতা।
গ্রেপ্তারের সময় আখতারুজ্জামানকে হ্যান্ডকাফ, হেলমেট ও বুলেটপ্রুফ জ্যাকেট পরানোরও সমালোচনা করেন তিনি। তার দাবি, একজন বীর মুক্তিযোদ্ধা, সাবেক সংসদ সদস্য ও সিনিয়র নাগরিকের সঙ্গে এ ধরনের আচরণ গ্রহণযোগ্য নয়।
আখতারুজ্জামানের অবিলম্বে জামিন ও কারাগারে ডিভিশন দেওয়ার দাবি জানিয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, তার গ্রেপ্তার ও মামলার পুরো বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
এর আগে বিমানবন্দরে সরকারি কাজে বাধা ও কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে করা মামলায় একদিনের রিমান্ড শেষে রোববার আখতারুজ্জামানকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

