জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বিরুদ্ধে পঞ্চম সাক্ষীর সাক্ষ্যগ্রহণ হবে আজ।
সোমবার (৫ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ সাক্ষ্যগ্রহণ হওয়ার কথা রয়েছে।
এদিন রাষ্ট্রপক্ষের পঞ্চম সাক্ষী ট্রাইব্যুনালে জবানবন্দি দেবেন। এর আগে গত ২৮ সেপ্টেম্বর মামলায় চতুর্থ সাক্ষী হিসেবে জবানবন্দি দেন জুলাইযোদ্ধা হান্নান মিয়া। তিনি ঘটনার বিস্তারিত বর্ণনা দেওয়ার পাশাপাশি কামরুল ইসলাম, রাশেদ খান মেননসহ জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
মামলায় কামরুল ইসলাম ও রাশেদ খান মেনন দুজনই গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। সাক্ষ্যগ্রহণের জন্য নির্ধারিত দিন হওয়ায় তাদের আজ ট্রাইব্যুনালে হাজির করা হবে।
প্রসিকিউশনের অভিযোগ, শেখ হাসিনার সরকারকে টিকিয়ে রাখতে কামরুল ইসলাম ও রাশেদ খান মেনন বিভিন্নভাবে উসকানি দিয়েছেন। আওয়ামী লীগ ও ১৪ দলীয় জোটের শীর্ষ পদে থেকে তারা নিরস্ত্র ছাত্র-জনতার ওপর মারণাস্ত্র ব্যবহার ও কারফিউ জারির প্ররোচনা দিয়েছেন বলেও অভিযোগ করা হয়েছে।
প্রসিকিউশনের দাবি, তাদের ধারাবাহিক ষড়যন্ত্রের কারণে আন্দোলনকারীদের ওপর গুলি চালানো হয়। এতে রাজধানীর বাড্ডাসহ আশপাশের এলাকায় ২৩ জন নিহত এবং অনেকে আহত হন।
মামলাটিতে রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণের ধারাবাহিকতায় আজ পঞ্চম সাক্ষীর জবানবন্দি নেওয়া হবে।

