আজ ৫ অক্টোবর, বিশ্ব শিক্ষক দিবস। দিবসটি উপলক্ষে এবার দেশের ১০১ জন গুণী শিক্ষককে বিশেষ সম্মাননা দেবে সরকার। এর আগে ১২ জন শিক্ষককে এই সম্মাননা দেওয়া হতো। এবার সেই সংখ্যা বাড়িয়ে ১০১ জন করা হয়েছে।
জাতি গঠনে শিক্ষকদের অবদানের স্বীকৃতিস্বরূপ বিশ্ব শিক্ষক দিবসে এই সম্মাননা দেওয়া হচ্ছে। সম্মাননাপ্রাপ্ত প্রত্যেক শিক্ষককে দুই লাখ টাকা, ক্রেস্ট ও সম্মাননাপত্র দেওয়া হবে।
এবার বিশ্ব শিক্ষক দিবসের প্রতিপাদ্য, ‘শিক্ষকদের পাশে দাঁড়ানো: পেশা সুরক্ষায় ৬০ বছর, মর্যাদা সমুন্নত রাখা এবং আমাদের ভবিষ্যৎ রূপদান’।
দিবসটি উপলক্ষে সোমবার (৫ অক্টোবর) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি গুণী শিক্ষকদের হাতে সম্মাননা তুলে দেবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
গুণী শিক্ষক সম্মাননা পাচ্ছেন যারা
সরকার এবার প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত বিভিন্ন পর্যায়ের মোট ১০১ জন গুণী শিক্ষককে বিশেষ সম্মাননা দেওয়ার উদ্যোগ নিয়েছে।
এর মধ্যে প্রাথমিক পর্যায়ে ১০ জন শিক্ষক সম্মাননা পাবেন। তাদের মধ্যে সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানের ৮ জন এবং মাদরাসার ২ জন রয়েছেন।
মাধ্যমিক পর্যায়ে সম্মাননা পাবেন ২০ জন। এর মধ্যে সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানের ১০ জন, কারিগরি শিক্ষার ৫ জন এবং মাদরাসার ৫ জন শিক্ষক রয়েছেন।
কলেজ পর্যায়ে ২৫ জন শিক্ষককে সম্মাননা দেওয়া হবে। এর মধ্যে সাধারণ কলেজের ১৫ জন, কারিগরি শিক্ষার ৫ জন এবং মাদরাসার ৫ জন শিক্ষক রয়েছেন।
এ ছাড়া সাধারণ বিশ্ববিদ্যালয় পর্যায়ে ২০ জন শিক্ষক সম্মাননা পাবেন। তাদের মধ্যে সরকারি বিশ্ববিদ্যালয়ের ১৮ জন এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ২ জন রয়েছেন।
চিকিৎসা শিক্ষায় মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় থেকে ১০ জন, কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ৩ জন, প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে ৩ জন এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক বিশেষায়িত বিশ্ববিদ্যালয় থেকে ৪ জন শিক্ষক সম্মাননা পাবেন। এর বাইরে প্রধানমন্ত্রী কর্তৃক নির্বাচিত আরও ৬ জন শিক্ষককে সম্মাননা দেওয়া হবে।

