জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে দেওয়া ১০ বছরের কারাদণ্ডের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করেছে রাষ্ট্রপক্ষের প্রসিকিউশন।
সোমবার (৫ অক্টোবর) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আপিল আবেদন করা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসানুল হক ইনুকে ১০ বছরের কারাদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। গত ৩০ জুন এ রায় ঘোষণা করা হয়।
ট্রাইব্যুনালের রায়ে ইনুর বিরুদ্ধে তিনটি অভিযোগে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হলেও সাজাগুলো একসঙ্গে চলবে বলে কার্যকর সাজা হয় ১০ বছর।
রাষ্ট্রপক্ষের প্রসিকিউশনের দাবি, মামলায় প্রমাণিত অপরাধের মাত্রা ও গুরুত্ব বিবেচনায় ইনুর ১০ বছরের কারাদণ্ড যথেষ্ট নয়। তাই সাজা বাড়িয়ে তাকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়ার আবেদন জানিয়ে আপিল করা হয়েছে।

