চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার এজাহারনামীয় চার নম্বর আসামি আশরাফুল হক ডনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
সোমবার (৫ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মঞ্জুরুল ইসলামের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে ডনের জামিন আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হয়। আবেদনে তাকে নির্দোষ দাবি করে সাতটি যুক্তি তুলে ধরেন তার আইনজীবী।
জামিন আবেদনে বলা হয়, মামলার দুটি সুরতহাল প্রতিবেদন, দুটি ময়নাতদন্ত প্রতিবেদন, ভিসেরা ও রাসায়নিক প্রতিবেদন পর্যালোচনায় সালমান শাহ আত্মহত্যা করেছেন বলে দাবি করা হয়েছে। এসব প্রতিবেদনের ভিত্তিতে ডনের আইনজীবী তাকে মামলায় সম্পৃক্ত করার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন।
আবেদনে আরও বলা হয়, আশরাফুল হক ডন ঘটনার বিষয়ে কিছুই জানতেন না এবং তাকে হয়রানি করার উদ্দেশ্যে মামলায় সম্পৃক্ত করা হয়েছে। গত ৫ আগস্ট তাকে গ্রেফতার করে কারাগারে রাখা হয়েছে উল্লেখ করে আইন অনুযায়ী তার জামিন চাওয়া হয়।
এ ছাড়া ডন শারীরিকভাবে অসুস্থ এবং পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি বলেও আবেদনে উল্লেখ করা হয়। তার স্থায়ী ঠিকানা রয়েছে এবং জামিন পেলে তিনি পলাতক হবেন না দাবি করে আদালতে উপযুক্ত জামিনদার দেওয়ার কথাও জানানো হয়।
আসামিপক্ষের আইনজীবীরা শুনানিতে আরও কিছু বক্তব্য মৌখিকভাবে উপস্থাপনের কথা উল্লেখ করে ন্যায়বিচারের স্বার্থে ডনের জামিন মঞ্জুরের আবেদন করেন। তবে উভয়পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেন।


