দুই দশকের বেশি সময়ের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন লিওনেল মেসি। আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে নেমে নিজের বিদায়ী ম্যাচটিকে স্মরণীয় করে রাখলেন কিংবদন্তি এই ফরোয়ার্ড। এদিন এস্তাদিও মনুমেন্তালে বুরকিনা ফাসোর বিপক্ষে আর্জেন্টিনার ৩-০ গোলের জয়ে একটি গোল করার পাশাপাশি দুটি গোলে অবদান রাখেন তিনি।
ম্যাচ শেষে বিদায়ী বক্তব্য দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন মেসি। কখনো চওড়া হাসি, কখনো চোখের কোণে জল। জাতীয় দলের হয়ে দীর্ঘ পথচলা, অর্জন, সতীর্থ এবং সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি সামনে কঠিন সময় আসতে পারে বলেও সতর্ক করেছেন আর্জেন্টাইন অধিনায়ক।
মাইক্রোফোন হাতে নিয়ে শুরুতেই মেসি স্মরণ করেন প্রয়াত বাবা হোর্হে মেসিকে। তিনি বলেন, ‘কী বলব ঠিক বুঝে উঠতে পারছি না। মাথায় অনেক কিছুই ঘুরছে। আজকের এই রাতে সবার আগে যার কথা আমার মনে পড়ছে, তিনি আমার বাবা। আমি কেবল আপনাদের সকলকে ধন্যবাদ জানাতে পারি। দীর্ঘ ২০ বছরেরও বেশি সময় ধরে এই শার্টটির প্রতিনিধিত্ব করা আমার জন্য ছিল এক বিরাট গর্বের বিষয়।’
জাতীয় দলের হয়ে লড়াইয়ের দিনগুলোর কথা স্মরণ করে মেসি বলেন, ‘আমরা কখনও লড়াই থামাইনি, নিজেদের সর্বোচ্চটা উজাড় করে দেওয়া বন্ধ করিনি। আর্জেন্টিনার হয়ে খেলাটাই সবচেয়ে সুন্দর অনুভূতি। আমরা সবসময় এই জার্সির জন্য নিজেদের সবকিছু উজাড় করে দিয়েছি।’
এরপর বিদায় নেওয়ার কষ্টের কথা বলতে গিয়ে আবেগ ধরে রাখতে পারেননি মেসি। তিনি বলেন, ‘এখানে আর ফিরে আসতে না পারার ভাবনাটা ভীষণ কষ্টের। সত্যি বলছি, সারা জীবন আমি এখানে ফিরে আসতে চাইব। কারণ আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে খেলার চেয়ে সুন্দর আর কিছু একজন ফুটবলারের জীবনে হতে পারে না। আমি চিরকাল এখানে থাকতে চাই। কিন্তু মনে হচ্ছে, বিদায় বলার এটাই সঠিক সময়।’
সতীর্থদের প্রতিও কৃতজ্ঞতা জানান আর্জেন্টাইন অধিনায়ক। বিশ্বকাপ, কোপা আমেরিকা ও ফিনালিসিমার মতো শিরোপা জয়ের পথে যারা তার পাশে ছিলেন, তাদের ‘বীর যোদ্ধা’ হিসেবে উল্লেখ করেন তিনি।
মেসি বলেন, ‘আমি আমার সকল সতীর্থকে ধন্যবাদ জানাতে চাই। তোমরা আমার সব স্বপ্ন সত্যি করেছ, বিশ্বকাপ, কোপা আমেরিকা, ফিনালিসিমা। আমি সব সময় বীর যোদ্ধাদের দিয়ে পরিবেষ্টিত ছিলাম। আমি এই পরিবেশটাকে খুব মিস করব।’
জাতীয় দলের ভবিষ্যৎ নিয়েও সতর্কবার্তা দিয়েছেন মেসি। নতুন প্রজন্মের খেলোয়াড়দের শুভকামনা জানিয়ে তিনি বলেন, ‘আমি জাতীয় দলের হয়ে খেলাটা মিস করব। এখন থেকে আমি মাঠের বাইরে অন্য পাশে থাকব। এই ছেলেদের এবং এরপর যারা আসবে তাদের সবার জন্য শুভকামনা জানাব ও সমর্থন দিয়ে যাব।’
তিনি আরও বলেন, ‘কঠিন সময় সামনে আসছে। সেই মুহূর্তগুলোতে আমাদের সবাইকে একসঙ্গে ঐক্যবদ্ধ থাকতে হবে, কারণ কিছু মানুষ আছে যারা জাতীয় দলের ব্যর্থতা দেখতে চায়। মহৎ কিছু অর্জন করতে হলে আমাদের ঐক্যবদ্ধ দল গড়ে তুলতে হবে।’
সবশেষে সমর্থকদের প্রতি ভালোবাসা জানিয়ে মেসি বলেন, ‘আমি এই জায়গা ছেড়ে যেতে চাই না। আমি এই মাঠ ছেড়ে যেতে চাই না। আমি আপনাদের সবাইকে ভালোবাসি, আর আপনাদের সবাইকে আমি খুব মিস করব। আমি একজন আর্জেন্টাইন হিসেবে গর্বিত। আমি নিজের স্বপ্নপূরণ করতে পেরে সত্যি গর্বিত।’
মেসির বিদায়ী বক্তব্যের সময় মনুমেন্তালের গ্যালারিতে আবেগঘন পরিবেশ তৈরি হয়। আর্জেন্টিনার জার্সিতে তার শেষ ম্যাচটি তাই শুধু ৩-০ গোলের জয় নয়, হয়ে রইল একটি যুগের আবেগঘন সমাপ্তির মুহূর্ত।

