যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে নতুন করে হামলার সম্ভাবনা নিয়ে পরিকল্পনা করছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। মার্কিন সাময়িকী দ্য আটলান্টিক কয়েকজন মার্কিন কর্মকর্তার বরাতে জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলার সম্ভাব্য পরিকল্পনা তৈরির জন্য পেন্টাগনকে নির্দেশ দিয়েছে হোয়াইট হাউজ।
আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। এর আগে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা নিয়ে প্রশাসনের ভেতরে আলোচনা চলছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
মার্কিন কর্মকর্তারা দ্য আটলান্টিক-কে জানিয়েছেন, এই পরিকল্পনার পেছনে ট্রাম্প প্রশাসনের দুটি গুরুত্বপূর্ণ লক্ষ্য রয়েছে। প্রথমত, জ্বালানি তেলের দাম কমানো। দ্বিতীয়ত, ইরানের সঙ্গে চলমান সংঘাতে অগ্রগতি দেখিয়ে নির্বাচনের আগে সেটিকে রাজনৈতিকভাবে তুলে ধরা।
তবে সম্ভাব্য হামলার পরিধি ও লক্ষ্যবস্তু নিয়ে এখনো আলোচনা চলছে। শেষ পর্যন্ত ট্রাম্প প্রশাসন হামলা চালাবে কি না, সেটিও নিশ্চিত নয়।
ইরান ইস্যুতে ট্রাম্প এর আগে একাধিকবার বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাত খুব শিগগিরই শেষ হবে। তার বক্তব্য অনুযায়ী, মধ্যবর্তী নির্বাচনের কিছুদিন আগে অথবা নির্বাচনের পরপরই এই সংঘাতের অবসান হতে পারে।
তবে নতুন করে হামলার পরিকল্পনা নিয়ে মার্কিন প্রশাসনের অভ্যন্তরীণ আলোচনা পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলেছে। সম্ভাব্য সামরিক পদক্ষেপের ধরন, লক্ষ্যবস্তু ও সময় নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

