লিওনেল মেসির বিদায়ী ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ ছিল বেনিন। তবে ম্যাচ শেষে আর্জেন্টিনা দলের আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বেনিনের কোচ জেরনো রোর।
রোরের অভিযোগ, ম্যাচ শেষে মেসির সঙ্গে ছবি তোলা কিংবা জার্সি বদলের সুযোগ পাননি বেনিনের খেলোয়াড়েরা। এমনকি আর্জেন্টিনার ড্রেসিংরুমের কাছেও যেতে দেওয়া হয়নি তাদের।
ফরাসি রেডিও আরএমসি স্পোর্টসের এক অনুষ্ঠানে হতাশা প্রকাশ করে রোর বলেন, ‘হ্যাঁ, এটা অত্যন্ত কঠিন ছিল। আমরা চেষ্টা করেছি। সবচেয়ে দুঃখের বিষয় হলো, আর্জেন্টাইনরা আমাদের কিছুই দেয়নি। মেসির সঙ্গে কোনো ছবি নয়, কোনো জার্সিও নয়। এমনকি আমাদের টানেল বা ড্রেসিংরুমেও ঢুকতে দেওয়া হয়নি।’
তিনি আরও বলেন, ‘নিরাপত্তাকর্মীরা কাউকেই ঢুকতে দেয়নি। কয়েকজন খেলোয়াড় জার্সি বদল করতে গিয়েছিল। আমরা বুঝতে পেরেছিলাম কাজটা কঠিন হবে। আমরা সবকিছু চেষ্টা করেছি, কিন্তু কিছুই পাইনি।’
মেসির জন্য উপহারও প্রস্তুত রেখেছিল বেনিন দল। দেশটির জাতীয় পতাকার রং লাল, হলুদ ও সবুজের আদলে সাজানো ফুলের তোড়া নিয়ে গিয়েছিল তারা। তবে সেটিও মেসির হাতে পৌঁছে দেওয়া সম্ভব হয়নি বলে জানান রোর।
তবে শেষ পর্যন্ত মেসির একটি স্মৃতি সঙ্গে করে ফিরেছেন বেনিনের কোচ। ২০১৮ সালের মেসির একটি জার্সি আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির হাতে তুলে দেন তিনি। পরে স্কালোনি মেসির স্বাক্ষর নিয়ে সেই জার্সিটি রোরকে ফিরিয়ে দেন।
রোর বলেন, ‘আমি মেসির ২০১৮ সালের একটি জার্সি স্কালোনিকে দিয়েছিলাম। তিনি মেসির কাছ থেকে সেটিতে স্বাক্ষর করিয়ে আমাকে ফিরিয়ে দিয়েছেন। এটাই শুধু পেয়েছি।’

