
লিওনেল মেসির আর্জেন্টিনা জাতীয় দলকে বিদায়ের রাত। আবেগে ভাসছে পুরো আর্জেন্টিনা। সেই আবেগ ছুঁয়ে গেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও ‘চিকি’ তাপিয়াকেও। মেসিকে বিদায় জানিয়ে আবেগঘন একটি চিঠি লিখেছেন তিনি।
চিঠিতে মেসির গোল কিংবা শিরোপার হিসাব টানেননি তাপিয়া। বরং তুলে ধরেছেন তাঁর বিনয়, দায়িত্ববোধ, পরিশ্রম, সতীর্থদের প্রতি সম্মান এবং জাতীয় দলের জার্সির প্রতি দায়বদ্ধতার কথা।
চিঠির শুরুতেই তাপিয়া লিখেছেন, ‘যে দিনটি কেউই আসুক চায়নি, সেটি এসে গেছে। কিন্তু সময় অনিবার্য। তাই একটি অধ্যায়ের শেষ নিয়ে কিছু কথা লিখতে বসেছি। গল্পের শেষ নয়। কারণ কিছু গল্প চিরন্তন হয়ে গেলে তার আর শেষ থাকে না।’
বিশ্বজোড়া খ্যাতির পরও মেসি কীভাবে তাঁর বিনয় ধরে রেখেছেন, সেটিও চিঠিতে উল্লেখ করেছেন তাপিয়া। তাঁর ভাষ্য, কিছু প্রমাণ করার না থাকলেও মেসি নিজের পরিশ্রম থামাননি। সতীর্থদের প্রতি সব সময় দেখিয়েছেন সম্মান। নতুনদের আপন করে নেওয়ার পাশাপাশি কঠিন সময়ে সতীর্থদের পাশে দাঁড়িয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক।
জাতীয় দলের জার্সির প্রতি মেসির দায়বদ্ধতার কথাও আলাদা করে তুলে ধরেছেন তাপিয়া। তিনি লিখেছেন, ‘এই জার্সির প্রতি তোমার দায়বদ্ধতা ছিল। এমন সময়ও ছিল, যখন এই জার্সির ওজন কল্পনার চেয়েও বেশি ভারী হয়ে উঠেছিল।’
মেসির জাতীয় দলের ক্যারিয়ারের কঠিন সময়গুলোর কথাও এসেছে চিঠিতে। সমালোচনা, সংশয় এবং হতাশার মধ্যেও তিনি থেমে যাননি। বরং বারবার ফিরে এসে আর্জেন্টিনাকে এনে দিয়েছেন সাফল্য।
তাপিয়া লিখেছেন, ‘কোপা আমেরিকা এল। ওয়েম্বলি এল। আর শেষ পর্যন্ত কাতারের সেই বিকেল এল। যে বিকেল আর্জেন্টাইনরা চিরকাল তাদের স্মৃতির সবচেয়ে সুন্দর জায়গায় ধরে রাখবে।’
তবে এএফএ সভাপতির চোখে মেসির সবচেয়ে বড় অর্জন শুধু শিরোপা নয়। তাঁর মতে, মেসি একাধিক প্রজন্মকে একই জার্সির নিচে এক করেছেন।
তাপিয়া লিখেছেন, ‘তুমি আরও বড় কিছু করেছ। তুমি প্রজন্মগুলোকে এক করেছ। দাদা, বাবা, সন্তান ও নাতি—সবাই একই জার্সি পরে, একই ১০ নম্বরের জন্য কেঁদেছে। এটিও তোমার উত্তরাধিকার।’
চিঠির শেষ অংশে মেসির বিদায়কে আরও আবেগঘন করে তোলেন তাপিয়া। তিনি লিখেছেন, ‘একদিন জার্সি তুলে রাখা হয়। ম্যাচ শেষ হয়। স্টেডিয়ামের আলো নিভে যায়। কিন্তু কিংবদন্তিদের আলো নিভে না।’
মেসির উত্তরাধিকার প্রসঙ্গে তাপিয়া আরও লিখেছেন, ‘যত দিন আমাদের দেশে কোনো বল গড়াবে, যত দিন কোনো শিশু নীল-সাদা জার্সি পরে গোল করে আকাশের দিকে চিৎকার করবে, যত দিন কোনো আর্জেন্টাইন মনে রাখবে সেই ১৮ ডিসেম্বর কোথায় ছিল, তত দিন তুমি সেখানে থাকবে।’
চিঠির শেষ লাইনে মেসিকে নিজের প্রিয় নায়ক হিসেবে অভিহিত করেছেন এএফএ সভাপতি। তাপিয়া লিখেছেন, ‘আমাদের অধিনায়ক। আমাদের চ্যাম্পিয়ন। আমাদের ১০ নম্বর। আমার প্রিয় নায়ক। সবকিছুর জন্য ধন্যবাদ, লিও। এই জায়গা সব সময় তোমার বাড়ি হয়ে থাকবে।’

