ভারতের সঙ্গে চলতি বছরের ডিসেম্বরের আগেই গঙ্গা পানিবণ্টন চুক্তি সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেছেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি জানিয়েছেন, নতুন চুক্তিতে ১৯৭৭ সালের চুক্তির মতো ‘গ্যারান্টি ক্লজ’ ফিরিয়ে আনা বাংলাদেশের অন্যতম প্রধান অগ্রাধিকার।
এদিকে আগামী বছরের জানুয়ারি, ফেব্রুয়ারি বা মার্চের মধ্যে পদ্মা ব্যারাজ প্রকল্পের কাজ দৃশ্যমান হবে বলে জানিয়েছেন তিনি। একই সঙ্গে তিস্তা বহুমুখী প্রকল্পের সম্ভাব্যতা যাচাই শেষে ২০২৭ সালের মধ্যে মূল কাজ শুরুর লক্ষ্য রয়েছে বলেও জানান মন্ত্রী।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) ঢাকায় বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) আয়োজিত ‘পানির ভবিষ্যৎ নিয়ে নতুন ভাবনা: তরুণ নেতৃত্ব, ন্যায়বিচার ও সহযোগিতা’ শীর্ষক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
পানিসম্পদ মন্ত্রী বলেন, পদ্মা ব্যারাজ ও তিস্তা মহাপরিকল্পনা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মেগা প্রকল্প। এসব প্রকল্পের সুফল দেশের এক-তৃতীয়াংশ অঞ্চলের মানুষ পাবে।
তিনি বলেন, পদ্মা ব্যারাজ প্রকল্পের অনুমোদন ইতোমধ্যে হয়েছে। এখন প্রকল্পটির কাজ দৃশ্যমান করার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। আগামী বছরের জানুয়ারি, ফেব্রুয়ারি বা মার্চের যেকোনো এক সময়ে এর কাজ দৃশ্যমান হবে বলে আশা করছেন তারা।
তিস্তা মহাপরিকল্পনা প্রসঙ্গে শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, তিস্তা একটি খরস্রোতা নদী। উজান থেকে পানি প্রবাহের কারণে দীর্ঘদিন ধরে এ অঞ্চলের মানুষ বিভিন্ন চ্যালেঞ্জের মুখে রয়েছে। এ প্রকল্প নিয়ে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা হয়েছে এবং বুয়েটের বিশেষজ্ঞদেরও দায়িত্ব দেওয়া হয়েছে।
তিনি বলেন, তিস্তা মহাপরিকল্পনার ফিজিবিলিটি স্টাডি বা সম্ভাব্যতা যাচাইয়ের কাজ দ্রুত হাতে নিতে হবে। ওই স্টাডির ভিত্তিতেই প্রকল্পের মূল কাজ শুরু করা হবে। ২০২৭ সালের মধ্যে স্টাডিসহ প্রয়োজনীয় কাজ শেষ করে মূল প্রকল্পের কাজ শুরুর দিকে সরকারের বিশেষ নজর রয়েছে।
গঙ্গা চুক্তি প্রসঙ্গে পানিসম্পদ মন্ত্রী বলেন, ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাক্ষরিত ৩০ বছর মেয়াদি গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ চলতি বছরের ১২ ডিসেম্বর শেষ হচ্ছে। নতুন চুক্তি তার আগেই করতে হবে।
তার ভাষ্য, ১৯৭৭ সালে প্রথম গঙ্গা চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’ ছিল। পরে ১৯৯৬ সালের চুক্তিতে ওই ধারা রাখা হয়নি। নতুন চুক্তিতে ১৯৭৭ সালের চুক্তির মতো ‘গ্যারান্টি ক্লজ’ ফিরিয়ে আনা বাংলাদেশের প্রধান অগ্রাধিকার।
শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ১২ ডিসেম্বরের আগেই নতুন চুক্তি করতে হবে। এ লক্ষ্যে বাংলাদেশ ও ভারত যৌথ নদী কমিশনের (জেআরসি) মাধ্যমে কাজ করছে। সাম্প্রতিক বৈঠকগুলোর ভিত্তিতে ১২ ডিসেম্বরের আগেই চুক্তি সম্পন্ন হওয়ার বিষয়ে তারা আশাবাদী।
পদ্মা ব্যারাজ ও তিস্তা প্রকল্পে বহির্বিশ্বের কোনো চাপ বা প্রতিবন্ধকতা রয়েছে কি না, জানতে চাইলে মন্ত্রী বলেন, পদ্মা ও তিস্তার পাড়ে বসবাসকারী মানুষ বাংলাদেশেরই নাগরিক। দেশের মানুষের স্বার্থ ও তাদের প্রত্যাশাই তার কাছে সবচেয়ে বড় বিষয়। সেই প্রত্যাশাকে ধারণ করে দেশের মানুষের কল্যাণে কাজ করাই সরকারের মূল লক্ষ্য।
পদ্মা ব্যারাজ প্রকল্পের দীর্ঘসূত্রতা প্রসঙ্গে তিনি বলেন, প্রকল্পটির স্টাডি সম্পন্ন করতেই ২০০৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত দীর্ঘ সময় লেগেছিল। পরবর্তী সময়ে এটি বাস্তবায়িত হয়নি। দায়িত্ব নেওয়ার কয়েক মাসের মধ্যে প্রকল্পটি চূড়ান্ত করে কাজ হাতে নেওয়া হয়েছে।
তিস্তার মতো মেগা প্রকল্পের স্টাডি রাতারাতি বা এক-দুই মাসে শেষ করা সম্ভব নয় উল্লেখ করে পানিসম্পদ মন্ত্রী বলেন, প্রয়োজনীয় কারিগরি সহায়তা নিয়ে সরকার নিজ উদ্যোগে কাজটি সম্পন্ন করবে এবং প্রকল্পটিকে দৃশ্যমান রূপ দেওয়ার চেষ্টা করবে।

