কৃষ্ণ দে আকাশ, সিডনি: অস্ট্রেলিয়ার সিডনিতে উৎসবমুখর ও ভক্তিময় পরিবেশে দশমবারের মতো মহালয়া উদযাপন করেছে বাংলাদেশ পূজা অ্যাসোসিয়েশন (বিপিএ)। গত ৪ অক্টোবর সিডনির রোজলিয়া কমিউনিটি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে বিপুলসংখ্যক প্রবাসী বাঙালির উপস্থিতিতে ধর্মীয় আবহের পাশাপাশি ফুটে ওঠে বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যের নানা দিক।
শারদীয় দুর্গোৎসবের আগমনী বার্তার সঙ্গে বাঙালির যে আবেগ জড়িয়ে আছে, পুরো আয়োজনজুড়ে তারই প্রতিফলন দেখা যায়। চণ্ডীপাঠ, সংগীত, আবৃত্তি ও মঞ্চ পরিবেশনার মধ্য দিয়ে তুলে ধরা হয় মহালয়ার চিরায়ত আবহ। একই সঙ্গে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাঙালির ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরাও ছিল আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ পূজা অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট উপস্থিত সবাইকে স্বাগত জানান। শুভেচ্ছা বক্তব্যে তিনি মহালয়ার ইতিহাস ও ধর্মীয়-সাংস্কৃতিক তাৎপর্য তুলে ধরেন। পাশাপাশি সিডনিতে বিপিএর মহালয়া আয়োজনের শুরুর দিনগুলোর স্মৃতিচারণ করেন তিনি।
২০১৬ সালে সিডনির কোগারাহ স্কুল অব আর্টসে বিপিএর প্রথম মহালয়া অনুষ্ঠিত হয়। এরপর থেকে ধারাবাহিকভাবে এ আয়োজন করে আসছে সংগঠনটি। সময়ের সঙ্গে মহালয়া আয়োজনের পরিসর বাড়ার পাশাপাশি প্রবাসী বাঙালি সমাজে এর সাংস্কৃতিক গুরুত্বও বেড়েছে। ২০২৬ সালের আয়োজনের মধ্য দিয়ে দশম মহালয়া উদযাপনের মাইলফলক স্পর্শ করল বাংলাদেশ পূজা অ্যাসোসিয়েশন।
এবারের মহালয়া মঞ্চায়ন পরিচালিত হয় সুমিতা দে ও অনুপম গোস্বামীর তত্ত্বাবধানে। তাঁদের পরিকল্পনা ও পরিচালনায় সংগীত, আবৃত্তিময় উপস্থাপনা ও বিভিন্ন মঞ্চ পরিবেশনার মধ্য দিয়ে ফুটিয়ে তোলা হয় দেবীপক্ষের আগমনী আবহ। শরতের আবাহন, দেবীর আগমন এবং শুভশক্তির জাগরণের প্রতীকী প্রকাশ ছিল আয়োজনের বিভিন্ন পরিবেশনায়।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল চণ্ডীপাঠ। জ্যোতি বিশ্বাস চণ্ডীপাঠ পরিবেশন করেন। তবলায় সহযোগিতা করেন জন্মেজয় রায়। চণ্ডীপাঠের ধ্বনি ও তবলার ছন্দে অনুষ্ঠানস্থলে তৈরি হয় আধ্যাত্মিক আবহ। সংগীত ও মঞ্চ পরিবেশনার সঙ্গে এর সমন্বয় উপস্থিত দর্শক-শ্রোতাদের ফিরিয়ে নেয় বাংলার চিরচেনা শারদীয় পরিবেশের স্মৃতিতে।
প্রবাসী বাঙালিদের কাছে মহালয়ার আবেদন বিশেষ। দেশের বাইরে থেকেও এই আয়োজন তাঁদের শিকড় ও ঐতিহ্যের সঙ্গে নতুন করে যুক্ত হওয়ার সুযোগ করে দেয়। বাংলা ভাষা, সংগীত, ধর্মীয় আচার এবং উৎসবের ঐতিহ্যের সঙ্গে সিডনিতে বেড়ে ওঠা শিশু-কিশোরদের পরিচিত করাতেও এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
রোববারের এ আয়োজনে সিডনির বিভিন্ন প্রান্ত থেকে আসা কমিউনিটির সদস্যদের উপস্থিতি অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত করে তোলে। পরিচিতজনদের সঙ্গে সাক্ষাৎ, শুভেচ্ছা বিনিময় এবং আসন্ন দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগির মধ্য দিয়ে অনুষ্ঠানটি পরিণত হয় সামাজিক মিলনমেলায়।
দশম মহালয়া উদযাপন বিপিএর জন্য বিশেষ তাৎপর্য বহন করে। এক দশক আগে শুরু হওয়া একটি ধর্মীয় ও সাংস্কৃতিক উদ্যোগ কীভাবে ধারাবাহিকতা ধরে রেখে প্রবাসী বাঙালিদের একটি পরিচিত আয়োজনে পরিণত হয়েছে, এবারের অনুষ্ঠান ছিল তারই প্রতিফলন। এ পথচলায় সংগঠনের বিভিন্ন সময়ের কার্যনির্বাহী কমিটি, শিল্পী, কলাকুশলী, স্বেচ্ছাসেবক, সদস্য ও শুভানুধ্যায়ীদের অবদান রয়েছে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বাংলাদেশ পূজা অ্যাসোসিয়েশনের সেক্রেটারি দিবাকর সমদ্দার ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি উপস্থিত দর্শক-শ্রোতা, শিল্পী, চণ্ডীপাঠ ও সংগীত পরিবেশনায় যুক্ত ব্যক্তিদের পাশাপাশি অনুষ্ঠান পরিচালনাকারী, কার্যনির্বাহী কমিটির সদস্য, স্বেচ্ছাসেবক এবং আয়োজন সফল করতে সহযোগিতাকারী সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
চণ্ডীপাঠ, আগমনী আবহ এবং প্রবাসী বাঙালিদের প্রাণবন্ত উপস্থিতির মধ্য দিয়ে শেষ হয় বিপিএর দশম মহালয়া আয়োজন। বাংলাদেশ থেকে হাজার হাজার কিলোমিটার দূরে সিডনির এই আয়োজন আবারও তুলে ধরেছে, ভৌগোলিক দূরত্ব বাঙালিকে তার শিকড় ও সাংস্কৃতিক ঐতিহ্য থেকে বিচ্ছিন্ন করতে পারে না। বরং ভাষা, সংস্কৃতি, ধর্মীয় ঐতিহ্য ও সম্মিলিত উদযাপনের মধ্য দিয়ে সেই শিকড় প্রজন্ম থেকে প্রজন্মে বেঁচে থাকে।

