শাহেদ সরওয়ার, শারজাহ: সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে জমকালো আয়োজনে উদযাপিত হয়েছে কলম একাডেমি লন্ডনের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। রোববার শারজাহ ন্যাশনাল পার্কে কলম একাডেমি লন্ডন-ইউএই চ্যাপ্টারের উদ্যোগে ‘অক্ষরে অমরতা’ স্লোগানকে সামনে রেখে এ আয়োজন করা হয়।
পবিত্র কোরআন তেলাওয়াত এবং বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। চ্যাপ্টারের সাধারণ সম্পাদক ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরিষদের সদস্য সচিব শাহেদ সরওয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চ্যাপ্টারের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবু তৈয়ব চৌধুরী।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুবাই ও উত্তর আমিরাতের রিজিওনাল ম্যানেজার মোহাম্মদ শাহাদাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন চ্যাপ্টারের মিডলইস্ট কোঅর্ডিনেটর কবি মোফাচ্ছেল হক শাহেদ। প্রধান বক্তা ছিলেন ফার্স্ট আবুধাবি ব্যাংকের ম্যানেজার ও চ্যাপ্টারের উপদেষ্টা মোহাম্মদ জাফর উদ্দিন ভূঁইয়া। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন চ্যাপ্টারের উপদেষ্টা ও লেখক মোহাম্মদ শাহাদাত হোসেন পলাশ।
অনুষ্ঠানে প্রবাসী সাংবাদিক সমিতি (প্রসাস)-এর সভাপতি সাইফুল ইসলাম তালুকদার, সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল মান্নান, সাংবাদিক মাহবুব সরকার, সৈয়দ জাহাঙ্গীর আলম, জালাল আহাম্মদ, রফিকুল ইসলাম রুমান, সেকান্দর চৌধুরীসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা উপস্থিত ছিলেন। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন কলম একাডেমি লন্ডনের প্রতিষ্ঠাতা ও পরিচালক অধ্যাপক নজরুল ইসলাম হাবিবী।
বক্তারা প্রবাসে বাংলা ভাষা ও সাহিত্যচর্চা সম্প্রসারণ এবং নতুন প্রজন্মকে বাংলা ভাষা ও সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন। সত্য, ন্যায় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় কলমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা।
বক্তারা বলেন, কলম শুধু লেখার মাধ্যম নয়, মানুষের চিন্তা, বিবেক ও সমাজ পরিবর্তনেরও শক্তিশালী হাতিয়ার। একটি শব্দ মানুষের চিন্তার জগতে পরিবর্তন আনতে পারে, একটি কবিতা জাগিয়ে তুলতে পারে বিবেক। একইভাবে একটি সত্যনিষ্ঠ লেখা হয়ে উঠতে পারে সময় ও সমাজের গুরুত্বপূর্ণ দলিল।
অনুষ্ঠানে কেক কাটা, সাহিত্য ও সাংস্কৃতিক পরিবেশনা এবং কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। ১৬ বছরের পথচলায় কলম একাডেমি লন্ডনের কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

