
বলিউডের বর্ষীয়ান অভিনেতা নানা পটেকরের শেষকৃত্য সম্পন্ন হয়েছে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায়। বৃহস্পতিবার মহারাষ্ট্রের পুণের ডোঞ্জে গ্রামের নিজের খামারবাড়িতে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। এ সময় ‘নানা অমর রহে’ স্লোগানে মুখর হয়ে ওঠে চারপাশ। প্রিয় অভিনেতাকে শেষবিদায় জানাতে সেখানে উপস্থিত হন পরিবারের সদস্য, সহকর্মী, অনুরাগী ও রাজনৈতিক ব্যক্তিত্বরা।
নানার ইচ্ছা অনুযায়ী তাঁর খামারবাড়িতেই শেষকৃত্যের আয়োজন করা হয় বলে জানিয়েছেন ঘনিষ্ঠ সহযোগীরা। এ সময় তাঁর ছেলে মালহার পটেকর বাবার চিতায় মুখাগ্নি করেন।
অভিনেতাকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন বলিউডের একাধিক পরিচিত মুখ। তাঁদের মধ্যে ছিলেন অভিনেতা জ্যাকি শ্রফ, প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা ও পরিচালক অনিল শর্মা। এ ছাড়া মহারাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনের প্রতিনিধিরাও সেখানে উপস্থিত হন।
দীর্ঘ অভিনয়জীবনে ‘ক্রান্তিবীর’, ‘পরিন্দা’ ও ‘নটসম্রাট’-এর মতো সিনেমায় অভিনয় করে দর্শকের প্রশংসা পেয়েছেন নানা পটেকর। অভিনয়ের পাশাপাশি কৃষকদের সহায়তায় তাঁর সামাজিক কর্মকাণ্ডও আলোচনায় এসেছে।
মুক্তির পর থেকেই বক্স অফিসে ভালো ব্যবসা করছে অজয় দেবগন অভিনীত ‘দৃশ্যম ৩’। প্রথম সপ্তাহ শেষে ভারতে ছবিটির নেট আয় দাঁড়িয়েছে ২৪৫.৫০ কোটি রুপি বলে জানিয়েছে বক্স অফিসভিত্তিক ওয়েবসাইট স্যাকনিল্ক।
প্রথম দিকে ভালো ব্যবসা করলেও সপ্তাহের শেষ দিকে ছবিটির দৈনিক আয় কমেছে। সোমবার ছবিটি আয় করে ২১ কোটি রুপি। মঙ্গলবার আয় ছিল ১৯.৫০ কোটি এবং বুধবার ১৫.৫০ কোটি রুপি। বৃহস্পতিবার ছবিটির আয় আনুমানিক ১৩ কোটি রুপি।
সব মিলিয়ে প্রথম সপ্তাহে ছবিটির ভারতের নেট আয় দাঁড়িয়েছে ২৪৫.৫০ কোটি রুপি। তবে এই হিসাব স্যাকনিল্কের অনুমানভিত্তিক তথ্যের ওপর নির্ভরশীল।
নীতীশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ: পার্ট ওয়ান’ নিয়ে দর্শকের আগ্রহের শেষ নেই। এরই মধ্যে সিনেমাটির মুক্তির তারিখ পরিবর্তনের খবর সামনে এসেছে।
বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ৮ নভেম্বরের পরিবর্তে আগামী ৫ নভেম্বর ভারতে মুক্তি পেতে পারে সিনেমাটি। এ ছাড়া ৪ নভেম্বর বিশেষ পেইড প্রিভিউ আয়োজনের সম্ভাবনার কথাও বলা হচ্ছে। তবে এ বিষয়ে নির্মাতাদের আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি।
সিনেমাটিতে রামের চরিত্রে অভিনয় করছেন রণবীর কাপুর। সীতার ভূমিকায় সাই পল্লবী এবং রাবণের চরিত্রে যশ। এ ছাড়া হনুমানের চরিত্রে সানি দেওল ও লক্ষ্মণের ভূমিকায় রয়েছেন রবি দুবে।
দুই পর্বে নির্মিত এই সিনেমাটি ঘিরে দর্শকের প্রত্যাশা তুঙ্গে। দীপাবলির উৎসবের সময়কে কাজে লাগিয়ে মুক্তির পরিকল্পনায় পরিবর্তন আনা হচ্ছে কি না, এখন সেটিই দেখার বিষয়। তবে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত মুক্তির নতুন তারিখ নিশ্চিত করে বলা যাচ্ছে না।

