
অবশেষে প্রকাশ্যে এসেছে দেব অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘দেশু ৭’-এর ট্রেলার। ২ মিনিট ২২ সেকেন্ডের ট্রেলারে অ্যাকশন, প্রেম, রাজনীতি আর প্রতিশোধের নানা দৃশ্য তুলে ধরা হয়েছে। তবে দেব-শুভশ্রীর পর্দার রসায়নের পাশাপাশি দর্শকের নজর কেড়েছেন খলনায়কের চরিত্রে অভিনয় করা অনির্বাণ ভট্টাচার্য।
ট্রেলারে দেবকে দেখা গেছে দেশপ্রেমিক ভারতীয় সেনাসদস্যের চরিত্রে। গল্পের নানা বাঁকে পরিস্থিতির চাপে তাঁকে জেলের আসামি হিসেবেও দেখা যায়। অন্যদিকে, শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে দেখা গেছে রাজনৈতিক ময়দানে। দীর্ঘ বিরতির পর দেব-শুভশ্রী জুটির প্রত্যাবর্তন ঘিরে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।
ট্রেলারে উঠে এসেছে পুরোনো ভালোবাসায় ফিরে আসার গল্পও। একসময় কর্তব্যের কারণে যে ভালোবাসাকে দূরে সরিয়ে রেখেছিল দেবের চরিত্র, সেই সম্পর্ক রক্ষা করতে এবার নানা বাধার মুখোমুখি হতে দেখা যাবে তাকে। দেব ও শুভশ্রীর প্রথম সাক্ষাতের দৃশ্যও রয়েছে ট্রেলারে।
তবে ট্রেলারের অন্যতম আকর্ষণ অনির্বাণ ভট্টাচার্য। খলনায়কের চরিত্রে তাঁর উপস্থিতি, ব্যঙ্গাত্মক হাসি ও সংলাপ গল্পে তৈরি করেছে রহস্য ও উত্তেজনা। পাশাপাশি দেবের অ্যাকশন দৃশ্য এবং সংলাপও নজর কেড়েছে।
সিনেমাটিতে আরও অভিনয় করেছেন অপরাজিতা আঢ্য, কাঞ্চন মল্লিক ও প্রিয়াঙ্কা সরকার। ট্রেলারে প্রদীপ্ত ভট্টাচার্যের উপস্থিতিও নজর কেড়েছে। তবে লোকনাথ দে ও রজতাভ দত্তের চরিত্র নিয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।
আগামী ১৬ অক্টোবর দুর্গাপূজা উপলক্ষে মুক্তি পাওয়ার কথা ‘দেশু ৭’-এর। সিনেমাটির মাধ্যমে পরিচালক হিসেবেও অভিষেক হচ্ছে দেবের। অভিনয়ের পাশাপাশি সিনেমাটির গল্প লেখা ও প্রযোজনার দায়িত্বও সামলেছেন তিনি বলে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
পূজার মৌসুমে ‘দেশু ৭’-এর সঙ্গে বক্স অফিসে প্রতিযোগিতায় থাকবে সৃজিত মুখোপাধ্যায়ের ‘এম্পেরর ভার্সেস শরৎচন্দ্র’, ‘বহুরূপী ২’ এবং ‘একেন বাবু: কেরালায় কুরুক্ষেত্র’। দীর্ঘ বিরতির পর দেব-শুভশ্রী জুটির প্রত্যাবর্তন দর্শকদের কতটা আকৃষ্ট করে, এখন সেটিই দেখার অপেক্ষা।

