
কুমিল্লায় স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন হত্যা মামলায় সন্দেহভাজন সিএনজিচালিত অটোরিকশাচালক সুমনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। শুক্রবার (৯ অক্টোবর) চট্টগ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ঘটনার সঙ্গে তাঁর সম্পৃক্ততা রয়েছে কি না, তা জিজ্ঞাসাবাদে জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. লুৎফর রহমান ঢাকা পোস্টকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, ঘটনার পর থেকে আত্মগোপনে ছিলেন সুমন। তাঁর কাছে মোবাইল ফোন বা অন্য কোনো ডিজিটাল ডিভাইস ছিল না। এমনকি আঙুলের ছাপযুক্ত জাতীয় পরিচয়পত্রও ছিল না তাঁর। এসব কারণে তাঁকে শনাক্ত ও গ্রেপ্তার করতে সময় লাগে। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁকে কুমিল্লায় আনা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
সুমন চাঁদপুরের কচুয়া উপজেলার বাসিন্দা। তিনি কুমিল্লার লালমাই উপজেলার জগতপুর এলাকার তাজুল ইসলামের মেয়েকে বিয়ে করে সেখানে বসবাস করতেন। যে সিএনজিচালিত অটোরিকশাটি তিনি চালাতেন, সেটির মালিক বাগমারা এলাকার মনির হোসেন।
গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে কুমিল্লার লালমাই উপজেলার জগতপুর গ্রামের একটি ধানক্ষেত থেকে জান্নাতুল তাজমিনের মরদেহ উদ্ধার করে পুলিশ। ১৪ বছর বয়সী তাজমিন কুমিল্লা নগরীর ফরিদা বিদ্যায়তনের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। তার বাবার বাড়ি যশোর সদর উপজেলার ছাতিয়াতলা গ্রামে। সে পরিবারের সঙ্গে কুমিল্লা নগরীর রেসকোর্স এলাকার একটি ভাড়া বাসায় থাকত।

পরিবারের তথ্য অনুযায়ী, গত ৪ অক্টোবর সকালে বান্ধবীর বাসায় যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়েছিল তাজমিন। এরপর গত ৭ অক্টোবর রাত ১২টা ১৯ মিনিটে কুমিল্লার পদুয়ার বাজার এলাকার হোটেল নূরজাহানের সামনে তাকে সর্বশেষ দেখা যায় বলে সিসিটিভি ফুটেজে উঠে আসে।
ওই রাতেই রাত ২টা ৫৮ মিনিটে বাবার হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন পাঠিয়ে তাঁকে নিয়ে যাওয়ার অনুরোধ জানিয়ে বার্তা পাঠিয়েছিল তাজমিন। তবে বাবা ঘুমিয়ে থাকায় তাৎক্ষণিকভাবে বার্তাটি দেখতে পাননি। পরদিন সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনাস্থলের পাশে একটি সিএনজিচালিত অটোরিকশা পাওয়া গেলে সেটি জব্দ করে পুলিশ। পরে তাজমিনের বাবা আবদুল আলীম বাদী হয়ে লালমাই থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন।
এ ঘটনায় সুমনকে গ্রেপ্তারের পর তদন্তে নতুন অগ্রগতি এসেছে। তবে তাজমিনের মৃত্যুর সঙ্গে তাঁর সম্পৃক্ততা এবং হত্যার পেছনের কারণ তদন্তের মাধ্যমে নিশ্চিত হতে হবে।

