রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়েছে। অন্যটি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোম ডিসপোজাল ইউনিট বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুই মোটরসাইকেল আরোহীকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।
শনিবার (১০ অক্টোবর) প্রকাশিত পুলিশি তথ্য অনুযায়ী, শুক্রবার (৯ অক্টোবর) দিবাগত রাত সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে।
ঘটনাস্থল পরিদর্শন শেষে রাত আড়াইটার দিকে সাংবাদিকদের এসব তথ্য জানান ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান।
তিনি বলেন, রাত সোয়া ১টার দিকে মোটরসাইকেলে করে দুই ব্যক্তি ঘটনাস্থলে আসেন। সেখানে দুই থেকে তিন মিনিট অবস্থান করে তাঁরা আশপাশের পরিবেশ পর্যবেক্ষণ করেন। পরে দুটি ককটেল নিক্ষেপ করে ঘটনাস্থল ত্যাগ করেন।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, ওই দুই ব্যক্তি আগারগাঁও হয়ে কাফরুল রোডের দিকে চলে গেছেন।
ডিসি ইবনে মিজান আরও বলেন, ঘটনার পরপরই পুলিশের একাধিক দল কাজ শুরু করেছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

