বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আগমনী বার্তা নিয়ে আজ শনিবার পালিত হচ্ছে শুভ মহালয়া। এর মধ্য দিয়ে শুরু হয়েছে দেবীপক্ষের সূচনা। মহালয়া উপলক্ষে ভোরে শ্রীশ্রী চণ্ডীপাঠের মাধ্যমে দেবী দুর্গার আগমনী আবাহন করা হয়। একই সঙ্গে পিতৃপক্ষের অবসানে প্রয়াত পূর্বপুরুষদের স্মরণ ও তাঁদের আত্মার শান্তি কামনায় তর্পণ করেন সনাতন ধর্মাবলম্বীরা।
মহালয়া শারদীয় দুর্গোৎসবের একটি গুরুত্বপূর্ণ তিথি। হিন্দু পুরাণ ও ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, দেবী দুর্গার আবির্ভাব ও মহিষাসুর বধের কাহিনির সঙ্গে এই তিথি বিশেষভাবে সম্পর্কিত। পুরাণ অনুসারে, ব্রহ্মার বর পেয়ে অসুররাজ মহিষাসুর অত্যন্ত শক্তিশালী হয়ে ওঠেন। তাঁকে পরাজিত করতে ব্যর্থ হন দেবতারা। পরে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের সম্মিলিত শক্তি থেকে আবির্ভূত হন দেবী দুর্গা। দেবতাদের দেওয়া বিভিন্ন অস্ত্রে সজ্জিত হয়ে সিংহবাহিনী দেবী মহিষাসুরের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হন এবং তাঁকে বধ করেন।
মহালয়ার ভোরে চণ্ডীপাঠের মধ্য দিয়ে দেবী দুর্গার আগমনী বন্দনা করা হয়। এ উপলক্ষে দেশের বিভিন্ন মন্দির ও পূজামণ্ডপে বিশেষ প্রার্থনা, ঘট স্থাপন ও চণ্ডীপাঠের আয়োজন করা হয়েছে।
সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, পিতৃপক্ষে প্রয়াত পূর্বপুরুষদের স্মরণ করে তাঁদের আত্মার শান্তি কামনায় তর্পণ করা হয়। এ সময় জল ও তিলসহ বিভিন্ন উপকরণ উৎসর্গের মাধ্যমে পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ভক্তরা। মহালয়া তিথিতে এই আচার পালনের মধ্য দিয়ে পিতৃপক্ষের সমাপ্তি এবং দেবীপক্ষের সূচনাকে তাৎপর্যপূর্ণভাবে স্মরণ করা হয়।
এদিকে, আগামী ১৬ অক্টোবর ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হওয়ার কথা রয়েছে। এরপর ২১ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে পাঁচ দিনব্যাপী দুর্গোৎসব।
প্রচলিত হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এ বছর দেবী দুর্গার আগমন ঘোটকে বা ঘোড়ায় এবং গমন নৌকায়।

