সৌদি আরবের রাজধানী রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। শনিবার (১০ অক্টোবর) এ হামলায় নিহত ব্যক্তিদের মধ্যে দুই বাংলাদেশি নাগরিক রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিন শতাধিক মানুষ।
রোববার (১১ অক্টোবর) ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, হামলায় নিহত ও আহত বাংলাদেশিদের বিস্তারিত তথ্য সংগ্রহ এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে রিয়াদে অবস্থিত বাংলাদেশ মিশন সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে।
নিহত ব্যক্তিদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও আন্তরিক সমবেদনা জানিয়েছে বাংলাদেশ। বিশেষ করে নিহত দুই বাংলাদেশির পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে আহত ব্যক্তিদের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেছে সরকার।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসামরিক মানুষের জীবন বিপন্ন করা এবং বেসামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু করে হামলা চালানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের হামলা অবিলম্বে বন্ধ করতে হবে।
এ ঘটনায় সৌদি আরবের সরকার ও জনগণের প্রতি বাংলাদেশের দৃঢ় সংহতিও পুনর্ব্যক্ত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধান জরুরি। এ লক্ষ্যে সব ধরনের শত্রুতামূলক কর্মকাণ্ড বন্ধ, বেসামরিক জনগণ ও অবকাঠামোর সুরক্ষা নিশ্চিত এবং সংলাপ ও কূটনৈতিক আলোচনার মাধ্যমে সংকট নিরসনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

