নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরের সোনাপুর এলাকায় গ্যাসের পাইপলাইন লিকেজ থেকে জমে থাকা গ্যাসে বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। তাদের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
রোববার (১১ অক্টোবর) রাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধ ব্যক্তিরা হলেন শরিফ, তার স্ত্রী রোজিনা এবং তার দুই ছোট ভাই রিয়াজ ও রনি।
কাঁচপুর মডার্ন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, গ্যাসের পাইপলাইন লিকেজ থেকে জমে থাকা গ্যাসে আগুন ধরে বিস্ফোরণ ঘটে। এতে চারজন দগ্ধ হন। তাদের উদ্ধার করে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। আহতদের স্থানীয় হাসপাতালেও চিকিৎসা দেওয়া হয় বলে জানান তিনি।
বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ সিকদার জানান, কাঁচপুরের ঘটনায় দগ্ধ চারজনই গুরুতর দগ্ধ হয়েছেন। তারা আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

