পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরু হয়েছে। রোববার (১১ অক্টোবর) বিকেল ৩টা ৩৪ মিনিটে চুল্লিতে প্রথমবারের মতো এ বিক্রিয়া শুরু হয়। এর মধ্য দিয়ে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ উৎপাদনের পথে গুরুত্বপূর্ণ একটি ধাপ সম্পন্ন হলো।
প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে জানা গেছে, প্রয়োজনীয় কারিগরি প্রস্তুতি, নিরাপত্তা যাচাই ও নির্ধারিত প্রক্রিয়া সম্পন্নের পর চুল্লিতে এ বিক্রিয়া শুরু হয়। এ পর্যায়কে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ভাষায় ‘ফার্স্ট ক্রিটিক্যালিটি’ বলা হয়।
তবে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরু হলেও এখনই জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হচ্ছে না। বিদ্যুৎ উৎপাদন ও গ্রিডে সংযোগের আগে আরও কয়েকটি কারিগরি ও নিয়ন্ত্রক ধাপ সম্পন্ন করতে হবে।
এদিকে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম আশা করছে, আগামী ২০ নভেম্বর থেকে মাসের শেষ নাগাদ রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু হতে পারে। সংস্থাটির মহাপরিচালক আলেক্সেই লিখাচেভ এ সম্ভাবনার কথা জানিয়েছেন।
এর আগে গত ২৮ এপ্রিল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পারমাণবিক জ্বালানি লোডিং শুরু হয়। রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত এ বিদ্যুৎকেন্দ্রে রয়েছে ১ হাজার ২০০ মেগাওয়াট উৎপাদনক্ষমতার দুটি ইউনিট। পূর্ণ সক্ষমতায় চালু হলে কেন্দ্রটির মোট উৎপাদনক্ষমতা হবে ২ হাজার ৪০০ মেগাওয়াট।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালু হলে দেশের জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের সক্ষমতা বাড়বে। তবে বাণিজ্যিক উৎপাদন শুরুর সময় নির্ভর করছে পরবর্তী পরীক্ষা, নিরাপত্তা যাচাই ও প্রয়োজনীয় অনুমোদন সম্পন্ন হওয়ার ওপর।

