সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকায় ঢাকায় চারটি এয়ারলাইন্সের আটটি ফ্লাইটের ২ হাজার ৯৫১ জন যাত্রী ভোগান্তিতে পড়েছেন। ফ্লাইটের সময়সূচি পরিবর্তন ও ভ্রমণ নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন এসব যাত্রী।
রোববার (১১ অক্টোবর) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বেবিচকের তথ্য অনুযায়ী, প্রভাবিত ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি, সৌদিয়া এয়ারলাইন্সের তিনটি এবং রিয়াদ এয়ারওয়েজের দুটি ফ্লাইট রয়েছে।
এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের বিজি৩৩৯ ও বিজি৩৪০ ফ্লাইটও রয়েছে। গত শনিবার (১০ অক্টোবর) অনিবার্য পরিচালনগত কারণ দেখিয়ে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ফ্লাইট দুটি স্থগিতের ঘোষণা দিয়েছিল বিমান। একই সঙ্গে যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ জানানো হয়।
রোববার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানায়, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকায় ফ্লাইটের সময়সূচি পুনর্নির্ধারণ করা হচ্ছে। পরিবর্তিত সময়সূচি ও ফ্লাইটের সর্বশেষ অবস্থা জানতে যাত্রীদের পরবর্তী ঘোষণার জন্য অপেক্ষা করতে বলা হয়েছে।
এ পরিস্থিতিতে শুধু বাংলাদেশের এয়ারলাইন্স নয়, সৌদি আরবের সৌদিয়া ও রিয়াদ এয়ারওয়েজের ফ্লাইটও প্রভাবিত হয়েছে। ফলে যাত্রীদের ভ্রমণ পরিকল্পনা ও পরবর্তী যাত্রার সময় নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
ফ্লাইটগুলোর নতুন সময়সূচি এবং রিয়াদ বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক হওয়ার বিষয়ে সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলোর পরবর্তী ঘোষণার ওপর পরিস্থিতির অগ্রগতি নির্ভর করছে।
যাত্রীদের ভ্রমণের আগে সংশ্লিষ্ট এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ অবস্থা নিশ্চিত হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

