অভিবাসন-সংক্রান্ত সংঘবদ্ধ অপরাধ মোকাবিলা এবং প্রতারণার মাধ্যমে অভিবাসনপ্রত্যাশীদের শোষণ থেকে সুরক্ষা দিতে সহযোগিতা জোরদারে সম্মত হয়েছে বাংলাদেশ ও যুক্তরাজ্য। এ লক্ষ্যে দুই দেশ একটি নতুন সহযোগিতার কাঠামো গঠনে একমত হয়েছে।
রোববার (১১ অক্টোবর) ঢাকায় অবস্থিত ব্রিটিশ হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
হাইকমিশন জানায়, নতুন কাঠামোর আওতায় দুই দেশের মধ্যে অভিবাসন-সংক্রান্ত সংঘবদ্ধ অপরাধ শনাক্ত, প্রতিরোধ ও মোকাবিলায় সহযোগিতা বাড়ানো হবে। এর মধ্যে নথি ও ভিসা জালিয়াতি এবং অনিয়মিত অভিবাসন-সংশ্লিষ্ট অন্যান্য অপরাধও অন্তর্ভুক্ত থাকবে।
এই অংশীদারিত্বের মাধ্যমে অনিরাপদ ও অনিয়মিত অভিবাসনের পথ ব্যবহার করে আর্থিকভাবে লাভবান হওয়া অপরাধী চক্রের শোষণ থেকে বাংলাদেশি নাগরিকদের সুরক্ষায় দুই দেশের যৌথ অঙ্গীকার আরও জোরালো হবে বলে জানিয়েছে হাইকমিশন।
নতুন কাঠামোর আওতায় বাংলাদেশ ও যুক্তরাজ্য তথ্য বিনিময় এবং কার্যক্রমগত সহযোগিতা বাড়াবে। পাশাপাশি অগ্রগতি পর্যালোচনা ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করতে নিয়মিত বৈঠক করবে দুই দেশ।
বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেন, পারস্পরিক শ্রদ্ধা ও জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের ভিত্তিতে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে শক্তিশালী ও দীর্ঘস্থায়ী অংশীদারিত্ব গড়ে উঠেছে।
তিনি বলেন, আর্থিক লাভের উদ্দেশ্যে অভিবাসন প্রক্রিয়াকে কাজে লাগিয়ে মানুষকে শোষণ করতে চাওয়া সংঘবদ্ধ অপরাধী গোষ্ঠীর হাত থেকে নাগরিকদের সুরক্ষায় দুই দেশের যৌথ দৃঢ় সংকল্পের প্রতিফলন এই নতুন কাঠামো।
সারাহ কুক আরও বলেন, নিবিড় সহযোগিতার মাধ্যমে দুই দেশ অভিবাসন-সংক্রান্ত সংঘবদ্ধ অপরাধ মোকাবিলা, বৈধ অভিবাসনে সহায়তা এবং প্রতারণা, শোষণ ও পাচার থেকে ব্যক্তি ও পরিবারকে সুরক্ষিত রাখার প্রচেষ্টা জোরদার করবে।


