জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী মো. মোহাইমিনুল ইসলাম নিখোঁজ হয়েছেন। রোববার (১১ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের সামনে থেকে ঢাকাগামী বিআরটিসি বাসে ওঠার পর থেকে তার সন্ধান পাওয়া যাচ্ছে না। পরে তার আবাসিক কক্ষে একটি সুইসাইড নোট ও ঋণের তালিকা পাওয়া যায়।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, এ ঘটনায় সাভার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পাশাপাশি ঢাকা জেলা পুলিশ সুপারকে বিষয়টি জানানো হয়েছে। শিক্ষার্থীর অবস্থান শনাক্ত ও তাকে খুঁজে বের করতে পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের তথ্য অনুযায়ী, রোববার বিকেল ৩টা ৮ মিনিটে মোহাইমিনুল মীর মশাররফ হোসেন হলের সামনে থেকে ঢাকাগামী বিশ্ববিদ্যালয়ের বিআরটিসি বাসে ওঠেন। তিনি হলের ‘এ’ ব্লকের ১১০ নম্বর কক্ষে থাকতেন।
এরপর থেকে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তার অবস্থান সম্পর্কেও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তাকে খুঁজে পেতে প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট সবার সহযোগিতা চাওয়া হয়েছে।
তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল হালিমের ০১৭১৪০১২৩১৫ নম্বরে অথবা নিরাপত্তা কর্মকর্তা মো. জেফরুল হাসান চৌধুরীর ০১৭১২৬৭৪৫৫৭ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।
সুইসাইড নোটে শিক্ষক ও পরীক্ষা নিয়ে অভিযোগ
সুইসাইড নোটে যা লেখা আছে
মো. মোহাইমিনুল ইসলাম নিখোঁজ হওয়ার পর তার আবাসিক হলের নিজ কক্ষে একটি সুইসাইড নোট পাওয়া যায়। সঙ্গে একটি ঋণের তালিকাও তিনি রেখে গেছেন। সুইসাইড নোটে লেখা আছে, এটাই হয়তো আমার শেষ বার্তা, আমার হাতে অন্য কোনো অপশন নাই শুধু মৃত্য ছাড়া। কারণ তারা আমাকে এই দিকে ঠেলে দিয়েছে। ক্যাম্পাসে বাবা-মার অবর্তমানে রানিং স্টুন্ডেটেদের শ্রেষ্ঠ অভিজ্ঞাবক হলো শিক্ষক। কিন্তু যারা নিজেরাই ভালো বাবা-মা হতে পারে নাই তারা আবার শিক্ষক। ৬ মাস নাটক করে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে আমাকে। আমি কোনো নাটক/সিনেমা করছি না। আমার লাশ পেলে টুকরা টুকরা করে তাদেরকে ইকুয়ালি ভাগ করে দিও প্রিয় ক্লাসমেটরা। আমার কিছু ঋণ আছে তা আরেকটা কাগজে লিখা আছে। আবার ঋণের থেকে বেশি টাকা আমি পাই বিভিন্ন জায়গায়।
এ বিষয়ে তার বন্ধু একই বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী বলেন, চতুর্থ বর্ষের চূড়ান্ত পরীক্ষায় একটি কোর্সে ফেল করার পর থেকে মোহাইমিনুল মানসিক চাপে ছিলেন। তার আগে কখনো কোনো কোর্সে ফেল করার অভিজ্ঞতা ছিল না। তিনি ভালো শিক্ষার্থী ছিলেন।
তিনি বলেন, চতুর্থ বর্ষের ফাইনালে ইঞ্জিনিয়ারিং জিওলজি কোর্সে তার ফেল আসে। এরপর তিনি আমাদের সঙ্গে মাস্টার্সের ক্লাস করছিলেন। পরিকল্পনা ছিল, ফেল করা কোর্সটির বিশেষ পরীক্ষা দিয়ে আমাদের সঙ্গে মাস্টার্সের ফাইনাল পরীক্ষায় অংশ নেবেন।
তিনি আরও বলেন, এ বিষয়ে বিভাগ ও পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে যোগাযোগ করে সমাধান খুঁজছিলেন তিনি। কিন্তু বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করেও স্পষ্ট সমাধান পাচ্ছিলেন না। এতে তিনি অনেক কষ্টে ছিলেন। তার এক বছর নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা নিয়েও হতাশা ছিল।
মোহাইমিনুলের খোঁজ পাওয়ার বিষয়ে বলেন, তার সন্ধানে পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। পাশাপাশি সহপাঠীদের কয়েকজন তাকে সর্বশেষ যেখানে দেখা গিয়েছিল, সেসব স্থান ও আশপাশের সড়কে খোঁজ করছেন। তবে সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, তার অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে তার সঙ্গে একই কোর্সে অকৃতকার্য আরেক শিক্ষার্থী বলেন, গত বৃহস্পতিবার বিভাগের চেয়ারম্যান তাঁদের রোববার দেখা করতে বলেছিলেন। এর মধ্যে এ বিষয়ে একটি সভা হয়। পরে রোববার চেয়ারম্যানের সঙ্গে দেখা করলে তিনি জানান, বিশেষ পরীক্ষা নেওয়ার অনুমতি না পাওয়ায় আপাতত তা আয়োজন করা সম্ভব হচ্ছে না। বিশেষ পরীক্ষা নেওয়া হলে মাস্টার্সের ফল আটকে যেতে পারে বলেও তিনি উল্লেখ করেন।
ওই শিক্ষার্থী আরও বলেন, তারা রেজিস্ট্রার ও উপ-উপাচার্যের দপ্তর থেকে অনুমতির বিষয়ে কথা বললেও বিভাগে কেন অনুমতি মিলছে না, তা বুঝতে পারছিলেন না। পরে চেয়ারম্যান তাদের অধ্যাপক সাজ্জাদ স্যারের সঙ্গে কথা বলতে বলেন। তার সঙ্গে দেখা করে বিশেষ পরীক্ষা নেওয়ার অনুরোধ জানালে তিনি বিষয়টি সমাধানে নিজের ক্ষমতার সীমাবদ্ধতার কথা জানান।
শিক্ষার্থীর ভাষ্য, তারা মাস্টার্সের ক্লাস, টিউটোরিয়াল ও উপস্থিতি সম্পন্ন করেছেন। বিশেষ পরীক্ষা না হলে মাস্টার্সের পড়াশোনা ও পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ ব্যাহত হওয়ার পাশাপাশি তাঁদের একটি শিক্ষাবর্ষ নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। চাকরির আবেদনে মাস্টার্সের সনদ প্রয়োজন হলেও তারা সমস্যায় পড়তে পারেন বলে জানান ওই শিক্ষার্থী।
এ বিষয়ে ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. হুসাইন মো. সায়েমের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
এদিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আব্দুল হালিম জানান, শিক্ষার্থী নিখোঁজ হওয়ার বিষয়টি জানার পরপরই সাভার থানায় জিডি করা হয়েছে। পুলিশকে তার মোবাইল ফোনের অবস্থান শনাক্তসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনও তাকে খুঁজে বের করার চেষ্টা করছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আব্দুল হালিম জানান, শিক্ষার্থী নিখোঁজ হওয়ার বিষয়টি জানার পরপরই সাভার থানায় জিডি করা হয়েছে। তার মোবাইল ফোনের অবস্থান শনাক্তসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশকে অনুরোধ জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনও তাকে খুঁজে বের করার চেষ্টা করছে।
এ বিষয়ে ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. হুসাইন মো. সায়েমের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
মোহাইমিনুলের সন্ধান পাওয়া গেছে কি না, তা নিশ্চিত করতে পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সর্বশেষ তথ্যের অপেক্ষা রয়েছে।

