আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি হতে পারে ৩ দশমিক ১ শতাংশ। একই সময়ে বৈশ্বিক মূল্যস্ফীতি বেড়ে ৪ দশমিক ৭ শতাংশে পৌঁছাতে পারে। অন্যদিকে, চলতি ২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে ৩ দশমিক ২ শতাংশ নির্ধারণ করেছে সংস্থাটি।
মঙ্গলবার (১৩ অক্টোবর) প্রকাশিত আইএমএফের ‘ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক’ প্রতিবেদনে বিশ্ব অর্থনীতির এই চিত্র তুলে ধরা হয়েছে। ‘রেজিলিয়েন্স আন্ডার স্ট্রেইন, আর্জেন্ট চয়েসেস’ শীর্ষক প্রতিবেদনে সংস্থাটি বলেছে, বৈশ্বিক অর্থনীতি বিভিন্ন ধাক্কা সামলে এগিয়ে গেলেও দেশভেদে অর্থনৈতিক পরিস্থিতির বৈষম্য বাড়ছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৭ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি বেড়ে ৩ দশমিক ৪ শতাংশ হতে পারে। তবে একই সময়ে মূল্যস্ফীতি কমে ৪ দশমিক ১ শতাংশে নামার পূর্বাভাস দেওয়া হয়েছে।
প্রযুক্তি বিনিয়োগে এগিয়ে কিছু দেশ
আইএমএফের মূল্যায়নে, একের পর এক অর্থনৈতিক ধাক্কা সামলেও বিশ্ব অর্থনীতির স্থিতিস্থাপকতা বজায় রয়েছে। তবে এই সক্ষমতার সুফল সব দেশ সমানভাবে পাচ্ছে না। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিতে বড় অঙ্কের বিনিয়োগের সুবিধা পাওয়া দেশগুলো তুলনামূলক ভালো অবস্থানে রয়েছে। বিপরীতে, জ্বালানি আমদানিনির্ভর এবং প্রযুক্তি খাতে কম সম্পৃক্ত দেশগুলো বেশি চাপে পড়ছে।
মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাব বিশ্ব অর্থনীতিতে পুরোপুরি প্রতিফলিত না হলেও জ্বালানি সরবরাহের বিকল্প উৎস ব্যবহার, সরবরাহব্যবস্থায় পরিবর্তন এবং জ্বালানির দক্ষ ব্যবহার পরিস্থিতি সামাল দিতে সহায়তা করেছে। পাশাপাশি এআই প্রযুক্তিতে বিনিয়োগ অর্থনৈতিক কর্মকাণ্ডের গতি ধরে রাখতে ভূমিকা রাখছে।
তবে এই পরিস্থিতি দীর্ঘদিন বজায় থাকবে কি না, তা নিয়ে উদ্বেগ রয়েছে। মধ্যপ্রাচ্যের সংঘাত দীর্ঘায়িত হলে কিংবা জ্বালানি সরবরাহে নতুন করে বিঘ্ন ঘটলে তেলের দাম বাড়তে পারে। এর প্রভাব উৎপাদন ব্যয়, আমদানি ব্যয় এবং সরকারি ব্যয়ের ওপর পড়বে। পণ্য ও সেবা উৎপাদন ব্যয়বহুল হয়ে উঠলে মূল্যস্ফীতির চাপও বাড়তে পারে।
জ্বালানি আমদানিনির্ভর দেশগুলো বেশি চাপে
প্রতিবেদনে বলা হয়েছে, জ্বালানি আমদানির ওপর নির্ভরশীল অথচ প্রযুক্তি খাতে উল্লেখযোগ্য অংশগ্রহণ নেই, এমন দেশগুলো সবচেয়ে কঠিন পরিস্থিতির মুখে পড়তে পারে। জ্বালানি আমদানিতে বেশি অর্থ ব্যয় করতে হলে এসব দেশের বৈদেশিক লেনদেনের ভারসাম্য ও বিনিময় হারের ওপর চাপ বাড়বে। একই সঙ্গে আমদানি ব্যয় বৃদ্ধির কারণে মানুষের প্রকৃত ক্রয়ক্ষমতা কমে যেতে পারে।
নিম্ন আয়ের ও অর্থনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য পরিস্থিতি আরও জটিল হতে পারে। জ্বালানি ও খাদ্যের দাম বাড়লে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পাবে। পাশাপাশি উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখা কঠিন হতে পারে। সরকারের রাজস্ব ও আর্থিক সক্ষমতা সীমিত থাকলে সাধারণ মানুষকে বাড়তি ব্যয়ের চাপ থেকে সুরক্ষা দেওয়াও কঠিন হয়ে উঠবে।
বাণিজ্য ও সরকারি ঋণেও বাড়ছে ঝুঁকি
বিশ্ব অর্থনীতির জন্য বাণিজ্য বিরোধ, শুল্ক বৃদ্ধি এবং উৎপাদনব্যবস্থায় পরিবর্তন নতুন চ্যালেঞ্জ তৈরি করছে। এসব কারণে আন্তর্জাতিক বাণিজ্যের প্রবৃদ্ধি বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। ২০২৬ সালে বিশ্ব বাণিজ্যের প্রবৃদ্ধি ধীর হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ২০২৭ সালে পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হওয়ার সম্ভাবনা থাকলেও বাণিজ্য উত্তেজনা অব্যাহত থাকলে সরবরাহব্যবস্থার ওপর চাপ বাড়তে পারে।
এ ছাড়া সরকারি ঋণের ক্রমবর্ধমান চাপও বিশ্ব অর্থনীতির জন্য উদ্বেগের কারণ হয়ে উঠেছে। বড় অর্থনীতিগুলোতে ঋণের ব্যয় বাড়ার পাশাপাশি বয়স্ক জনগোষ্ঠীর জন্য ব্যয়, জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও জাতীয় নিরাপত্তার মতো খাতে অর্থের চাহিদা বাড়ছে। ফলে নতুন কোনো সংকট দেখা দিলে তা মোকাবিলায় সরকারের আর্থিক সক্ষমতা সীমিত হয়ে পড়তে পারে।
জ্বালানি অবকাঠামোয় হামলা, সাইবার আক্রমণ এবং চরম আবহাওয়ার ঘটনাও বৈশ্বিক অর্থনীতির ঝুঁকি বাড়াতে পারে। এসব কারণে পণ্য উৎপাদন ও পরিবহনে ব্যয় বাড়লে বাজারদর এবং মূল্যস্ফীতির ওপর দীর্ঘস্থায়ী চাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।
আইএমএফের মূল্যায়নে, বিশ্ব অর্থনীতির স্থিতিশীলতা ধরে রাখতে সরবরাহব্যবস্থা শক্তিশালী করা, আর্থিক সক্ষমতা পুনর্গঠন এবং অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলায় কার্যকর নীতি গ্রহণ গুরুত্বপূর্ণ।

