ভারতের রাজধানী দিল্লির যন্তর মন্তরে পুলিশের ব্যারিকেড অতিক্রম করে বিক্ষোভ করার অভিযোগে ককরোচ জনতা পার্টির (সিজেপি) তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন সৌরভ দাস, আশুতোষ রাঙ্কা ও অজিঙ্কা শিন্ডে। তাদের বিরুদ্ধে অনধিকার প্রবেশ, মুচলেকার শর্ত ভঙ্গ এবং সরকারি কর্মকর্তার দায়িত্ব পালনে বাধা দেওয়াসহ একাধিক অভিযোগ আনা হয়েছে।
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে বিতর্কের মধ্যে দিল্লিতে রাজনৈতিক উত্তেজনা চলছে। এরই মধ্যে যন্তর মন্তরে বিক্ষোভের ঘটনায় সিজেপির তিন নেতাকে গ্রেফতার করা হলো।
মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোরে পুলিশের ব্যারিকেড অতিক্রম করে যন্তর মন্তরে প্রবেশ করেন ওই নেতারা। এ সময় তারা প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে স্লোগান দেন। পরে পুলিশ তাদের গ্রেফতার করে।
বুধবার (১৪ অক্টোবর) সকাল ৮টার দিকে সৌরভ দাস, আশুতোষ রাঙ্কা ও অজিঙ্কা শিন্ডেকে মান্দির মার্গের একটি ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করার কথা রয়েছে।
দিল্লি পুলিশের দাবি, এর আগে একই ধরনের বিক্ষোভের ঘটনায় আটক হওয়ার পর তাদের মধ্যে কয়েকজন ৫০ হাজার রুপির মুচলেকা দিয়ে মুক্তি পেয়েছিলেন। পাশাপাশি এক বছরের জন্য শান্তিভঙ্গের ঘটনায় জড়িত না হওয়ার অঙ্গীকারও করেছিলেন তারা। এবার অনধিকার প্রবেশ ও মুচলেকার শর্ত ভঙ্গের অভিযোগে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুলিশ তাদের পুনরায় অপরাধে জড়িত হওয়ার অভিযোগও তুলেছে।
সিজেপির আইনজীবী দলের প্রধান রত্না সিং সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, গ্রেফতার হওয়া তিন নেতাকে দিল্লির পার্লামেন্ট স্ট্রিট থানায় রাখা হয়েছে।
তিনি অভিযোগ করেন, নেতাদের বিরুদ্ধে অনধিকার প্রবেশ, মুচলেকার শর্ত ভঙ্গ ও সরকারি কর্মকর্তার কাজে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে। গভীর রাত পর্যন্ত তাদের আইনজীবীদের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি বলেও দাবি করেন তিনি।
রত্না সিংয়ের ভাষ্য অনুযায়ী, রাত ৩টার দিকে একটি ব্যক্তিগত ভ্যানে করে নেতাদের পার্লামেন্ট স্ট্রিট থানায় আনা হয়। সকালে তাদের এসসিএম আদালতে হাজির করার কথা ছিল। তাদের তিহার কারাগারে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। তবে এ বিষয়ে আদালতের সিদ্ধান্ত সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
গ্রেফতার হওয়া নেতাদের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপকে বেআইনি বলে দাবি করেছেন রত্না সিং। তার ভাষ্য, এসব পদক্ষেপ সত্ত্বেও নেতাদের মনোবল অটুট রয়েছে।
গত রোববার (১১ অক্টোবর) দিল্লির পুলিশ কমিশনার অনুরাগ কুমার এক আদেশে রামলীলা ময়দান, বুরারি ময়দান ও সিবিডি ময়দানকে বিক্ষোভ ও সমাবেশের নির্ধারিত স্থান হিসেবে ঘোষণা করেন। একই আদেশে অনুমোদিত বিক্ষোভস্থলের তালিকা থেকে যন্তর মন্তরের নাম বাদ দেওয়া হয়।
পুলিশের এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে সিজেপি। দলটির বক্তব্য, রাজধানীর কেন্দ্রস্থল থেকে বিক্ষোভ সরিয়ে নিলে জনসাধারণের প্রতিবাদের দৃশ্যমানতা ও প্রভাব কমে যাবে।

