যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য উইসকনসিনের সাউক কাউন্টিতে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে ছয়জন নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার রাতের দিকে রীডসবার্গ শহরের কাছে ঘন বনাঞ্চলে বিমানটি বিধ্বস্ত হয়। নিহতদের মধ্যে পাঁচজন প্রাপ্তবয়স্ক ও একটি শিশু রয়েছে।
বুধবার সাউক কাউন্টি শেরিফের দপ্তর এক বিবৃতিতে এ তথ্য জানায়। বিবৃতিতে বলা হয়, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বিমান দুর্ঘটনার খবর পায় শেরিফের দপ্তর। পরে শেরিফের ডেপুটি ও জরুরি সেবাকর্মীরা ঘটনাস্থলে গিয়ে বিধ্বস্ত বিমানটির সন্ধান পান।
কর্মকর্তারা জানান, বিমানটি উইসকনসিনের কেনোশা শহর থেকে মেনোমোনির দিকে যাচ্ছিল। দুর্ঘটনার পর তল্লাশি চালিয়ে বিমানের ছয় আরোহীর সবাইকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। তদন্তের স্বার্থে নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।
শেরিফের দপ্তরের কর্মকর্তাদের ধারণা, দুর্ঘটনার আগে বিমানটি কাছাকাছি কোনো এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ করছিল। ওই যোগাযোগে কী বলা হয়েছিল এবং আবহাওয়াসংক্রান্ত কোনো পরিস্থিতি দুর্ঘটনায় ভূমিকা রেখেছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, বিধ্বস্ত বিমানটি ছিল পাইপার পিএ-৪৬ মডেলের।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের (এনটিএসবি) প্রাথমিক তথ্য অনুযায়ী, বিমানটি ২৪ হাজার ফুট উচ্চতায় ওড়ার সময় পাইলট বরফ জমার (আইসিং) কথা জানান এবং নিচে নামার অনুমতি চান।
এনটিএসবি জানায়, এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে অনুমতি পাওয়ার পর বিমানটি ডান দিকে মোড় নিয়ে নিচে নামতে শুরু করে। একপর্যায়ে বিমানটির নামার গতি বেড়ে যায়। পরে উড়োজাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং এর ডেটা ট্র্যাকিং বন্ধ হয়ে পড়ে।
দুর্ঘটনার কারণ ও পারিপার্শ্বিক পরিস্থিতি জানতে তদন্ত শুরু করেছে এনটিএসবি। সংস্থাটির তদন্তকারীরা ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন। আগামী ৩০ দিনের মধ্যে একটি প্রাথমিক প্রতিবেদন প্রকাশের কথা রয়েছে।

