রাজধানীর উত্তরার আজমপুর এলাকায় বকেয়া বেতন পরিশোধ ও মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে আবারও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এতে আশপাশের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন গন্তব্যের যাত্রীরা।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১০টা থেকে আজমপুর এলাকায় ৬ থেকে ৭টি পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।
ডিএমপির উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. রেজাউল করিম জাগো নিউজকে জানান, শ্রমিকদের অবরোধের কারণে অফিস সময়ে আশপাশের সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।
আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, নিত্যপ্রয়োজনীয় পণ্যের উচ্চমূল্যের কারণে বর্তমান বেতনে জীবনযাপন করা কঠিন হয়ে পড়েছে। বকেয়া বেতন পরিশোধ ও অন্যান্য দাবি আদায়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেও কোনো সমাধান পাননি তারা। এ কারণে বাধ্য হয়ে সড়কে নেমেছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা এবং যান চলাচল স্বাভাবিক করতে শিল্প পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। শ্রমিকদের সঙ্গে আলোচনা চলছে। তবে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত শ্রমিকরা সড়ক থেকে সরে যাননি।
এর আগে বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে রাজধানীর এয়ারপোর্ট গোলচত্বরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পোশাকশ্রমিকরা। ওই সময় তারা ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি জানান।

