শাহেদ সরওয়ার, শারজাহ: সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে বিশ্বের অন্যতম জনপ্রিয় বহুসাংস্কৃতিক বিনোদনকেন্দ্র গ্লোবাল ভিলেজের ৩১তম মৌসুম। বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৬টায় দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয় এর প্রবেশদ্বার। ‘আরও সুন্দর এক পৃথিবী’ প্রতিপাদ্য নিয়ে শুরু হওয়া এবারের মৌসুম চলবে ২০২৭ সালের মে মাস পর্যন্ত।
উদ্বোধনী দিনকে ঘিরে ছিল বর্ণিল আয়োজন। বিশ্বের বিভিন্ন দেশের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরে আয়োজন করা হয় বিশেষ শোভাযাত্রা। পাশাপাশি সংগীত, নৃত্য ও সাংস্কৃতিক পরিবেশনার সঙ্গে ছিল কনফেটি উদযাপন। রাতের আকাশে ৬০০টি ড্রোনের প্রদর্শনী উদ্বোধনী আয়োজনকে আরও আকর্ষণীয় করে তোলে।
২৯টি প্যাভিলিয়নে বিশ্বের নানা সংস্কৃতি
গ্লোবাল ভিলেজের এবারের মৌসুমে থাকছে ২৯টি দেশের প্যাভিলিয়ন। এসব প্যাভিলিয়নে বিভিন্ন দেশের ঐতিহ্য, সংস্কৃতি, পোশাক, হস্তশিল্প, খাবার ও পণ্য তুলে ধরা হবে। ফলে একই জায়গায় বিশ্বের নানা দেশের সংস্কৃতি ও জীবনধারা সম্পর্কে জানার সুযোগ পাবেন দর্শনার্থীরা।
এবারের আয়োজনেও থাকছে কেনাকাটা, খাবার ও বিনোদনের বিস্তৃত ব্যবস্থা। বিভিন্ন দেশের ঐতিহ্যবাহী খাবার থেকে শুরু করে জনপ্রিয় স্ট্রিট ফুড, রেস্তোরাঁ ও ক্যাফেতে মিলবে নানা ধরনের খাবার ও পানীয়।
থাকছে রাইড, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিশুদের আয়োজন
রোমাঞ্চপ্রিয় দর্শনার্থীদের জন্য থাকছে বিভিন্ন ধরনের রাইড ও বিনোদনব্যবস্থা। ড্রাগন কিংডম, দ্য হরর হোটেল, সিক্রেটস অব দ্য লস্ট সিটি, এক্সো প্ল্যানেট সিটি ও ফেস্টিভ্যাল হুইলের মতো আকর্ষণও রয়েছে এবারের মৌসুমের আয়োজনে। পাশাপাশি নতুন টোকিও রাশ রোলার কোস্টার যুক্ত হওয়ার কথা রয়েছে।
সংগীত, নৃত্য, কসরত ও বিভিন্ন ধরনের মঞ্চ পরিবেশনার মধ্য দিয়ে পুরো মৌসুমজুড়ে দর্শনার্থীদের বিনোদনের ব্যবস্থা থাকবে। পরিবার ও শিশুদের জন্যও রাখা হয়েছে বিশেষ আয়োজন।
শিশুদের জন্য নতুন করে সাজানো হয়েছে গ্লোবাল ভিলেজের স্মারক পাসপোর্ট। বিভিন্ন প্যাভিলিয়ন ঘুরে স্মারক সিল সংগ্রহের মাধ্যমে শিশুরা নিজেদের ভ্রমণকে আরও আনন্দদায়ক করে তুলতে পারবে।
এ ছাড়া কয়েকটি দেশের প্যাভিলিয়নে আনা হয়েছে নতুন সাজসজ্জা ও অভিজ্ঞতা। শ্রীলঙ্কা, রাশিয়া-আজারবাইজান, সিরিয়া ও কুয়েতের প্যাভিলিয়নে রয়েছে পরিবর্তন।
প্রবেশ টিকিটের দাম ও সময়সূচি
গ্লোবাল ভিলেজের ৩১তম মৌসুম চলবে ২০২৬ সালের ১৪ অক্টোবর থেকে ২০২৭ সালের মে মাস পর্যন্ত।
পার্কের নিয়মিত সময়সূচি অনুযায়ী, রোববার থেকে বুধবার খোলা থাকবে বিকেল ৪টা থেকে রাত ১২টা পর্যন্ত। বৃহস্পতিবার থেকে শনিবার এবং সরকারি ছুটির দিনে খোলা থাকবে রাত ১টা পর্যন্ত।
মঙ্গলবার সরকারি ছুটি না থাকলে দিনটি পরিবার, দম্পতি ও নারীদের জন্য নির্ধারিত থাকবে।
প্রবেশ টিকিটের মূল্য সাধারণ দিনে ২৫ দিরহাম এবং যেকোনো দিনে ব্যবহারের টিকিটের মূল্য ৩০ দিরহাম। গ্লোবাল ভিলেজের ওয়েবসাইট, মোবাইল অ্যাপ ও প্রবেশপথের কাউন্টার থেকে টিকিট কেনা যাবে।
শীতকালীন বিনোদনে নতুন আকর্ষণ
দুবাইয়ের শীতকালীন বিনোদনের অন্যতম জনপ্রিয় গন্তব্য গ্লোবাল ভিলেজ। বিশ্বের বিভিন্ন দেশের সংস্কৃতি, ঐতিহ্য, খাবার, কেনাকাটা ও বিনোদনকে এক জায়গায় তুলে ধরার কারণে প্রতি বছরই বিপুলসংখ্যক দর্শনার্থী এখানে ভিড় করেন।
নতুন সাজসজ্জা, সাংস্কৃতিক পরিবেশনা ও বিনোদনের নানা আয়োজন নিয়ে ৩১তম মৌসুমেও দর্শনার্থীদের আকর্ষণ করার প্রস্তুতি নিয়েছে দুবাইয়ের এই বহুসাংস্কৃতিক বিনোদনকেন্দ্র।

