দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় এ উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ৩০৬ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। এ ছাড়া নিশ্চিত হাম আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৮৬ জন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি দুজনের মৃত্যু হয়েছে খুলনা বিভাগে। অন্যদিকে, নতুন সন্দেহজনক হাম রোগী শনাক্তের সংখ্যা সবচেয়ে বেশি ঢাকা বিভাগে। এ বিভাগে নতুন করে ৫০৭ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত সারা দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৯ হাজার ৮৭৬ জনে। এ সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২২ হাজার ৯২৬ জন।
এ ছাড়া, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হাম আক্রান্ত হয়ে ১০৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ১ হাজার ৭৭ জন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৮৬ হাজার ৫৮৩ জন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৭৮ হাজার ৮৬৯ জন।

