সাভারের আশুলিয়ায় শারমিন গ্রুপের পোশাক কারখানার আটতলা ভবনের ছাদ থেকে লাফিয়ে সিনিয়র মার্চেন্ডাইজার মো. জামাল উদ্দিনের মৃত্যুর ঘটনায় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ইসমাইল হোসেন ও পরিচালক শারাফ হোসেনের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) দিবাগত রাতে নিহত জামাল উদ্দিনের বড় ভাই ইস্কান্দার আলী খান বাদী হয়ে আশুলিয়া থানায় মামলাটি করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, জামাল উদ্দিন দীর্ঘদিন ধরে আশুলিয়ার নরসিংহপুর এলাকার শারমিন গ্রুপে সিনিয়র মার্চেন্ডাইজার হিসেবে কর্মরত ছিলেন। প্রতিদিনের মতো বুধবার সকালেও তিনি কর্মস্থলে যোগ দেন। তবে ঘণ্টাখানেক পর পরিবারের সদস্যরা জানতে পারেন, কারখানার আটতলা ভবনের ছাদ থেকে নিচে পড়ে গেছেন তিনি। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এজাহারে বাদী অভিযোগ করেন, জামাল উদ্দিনের কর্মস্থলের বিভাগে বেশ কিছুদিন ধরে নানা অপ্রীতিকর ঘটনা ঘটছিল। এসব ঘটনায় তিনি ভীত-সন্ত্রস্ত ছিলেন এবং বিষয়গুলো স্ত্রী সাবেকুন নাহারকে ফোনে জানিয়েছিলেন।
এজাহারে আরও অভিযোগ করা হয়, অভিযুক্তদের অসদাচরণ ও ক্রমাগত মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে জামাল উদ্দিন আটতলার ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করতে বাধ্য হন।
এ বিষয়ে আশুলিয়া থানার পরিদর্শক (অপারেশন) আবুল কালাম আজাদ জানান, জামাল উদ্দিনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

