কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় রিসোর্টটি পুড়ে ছাই হয়ে গেছে। আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন পর্যটকসহ আরও ৯ জন।
শনিবার (১৭ অক্টোবর) সকাল ৭টার দিকে উখিয়া উপজেলার মেরিন ড্রাইভের পাটুয়ারটেক সমুদ্রসৈকত এলাকার টুপটুপ রিসোর্টে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের সিনিয়র কর্মকর্তা দোলন আচার্য প্রথমে ঘটনাস্থল থেকে পাঁচটি মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেন। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ সুপারের পক্ষ থেকে জানানো হয়, অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে।
নিহতরা হলেন ঢাকার বনশ্রীর ইসরাত জাহান মালিহা (৩০) ও মিলিতা মেহেজাবিন আলভী (২৩), খিলগাঁওয়ের লায়লা জাহান নাবিলা (২৭) ও নাফিসতা মীম (২৭), চুয়াডাঙ্গার ফারিহা কবির (৩৩) এবং পাঁচ বছর বয়সী ফায়িজান আহম্মেদ।
এ ঘটনায় আহতদের মধ্যে মান্নান (৩৪), মেহেরুন্নেসা (৩০), মাসুদ (৩০), সামিদা (৩২), নাফিজা নওয়ার খান (২৯) ও সাহাবুদ্দিন (৩১) রয়েছেন। আহতদের মধ্যে পর্যটকরাও আছেন। মোট ৯ জন হাসপাতালে ভর্তি রয়েছেন।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন নিয়ন্ত্রণে আনতে সকাল ৮টা থেকে তিনটি ইউনিট কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
অগ্নিকাণ্ডের পর বর্তমানে ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম চলছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, রিসোর্টটির কর্মকর্তা-কর্মচারীরা সবাই ঘটনাস্থল থেকে পালিয়েছেন। তবে আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
দীর্ঘ বালুকাময় সমুদ্রসৈকত ও প্রাকৃতিক সৌন্দর্যের কারণে কক্সবাজার দেশের অন্যতম প্রধান পর্যটনকেন্দ্র। দেশ-বিদেশের বহু পর্যটক প্রতিবছর এ জেলায় ভ্রমণে আসেন। আসন্ন পূজার ছুটিকে কেন্দ্র করে পর্যটকদের উপস্থিতি আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।
