রাজস্থানের কোটা জেলায় দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে পুণ্যার্থীবাহী একটি টেম্পো ট্রাভেলার নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ২০ ফুট নিচে নালায় পড়ে যায়। দুর্ঘটনায় অন্তত আটজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অনেকে।
ভারতের রাজস্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত আটজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৫ জনের বেশি। শনিবার (১৭ অক্টোবর) সকালে কোটা জেলার সীমলিয়া থানা এলাকায় দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মধ্যপ্রদেশ থেকে রাজস্থানের খাটু শ্যাম মন্দিরে যাওয়ার পথে পুণ্যার্থীবাহী একটি টেম্পো ট্রাভেলার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডার ভেঙে প্রায় ২০ ফুট নিচে নালায় পড়ে যায়। দুর্ঘটনায় গাড়িটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।
পুলিশ জানায়, গাড়িতে মধ্যপ্রদেশের বেতুল জেলার বাসিন্দারা ছিলেন। তাঁরা শুক্রবার রাতে যাত্রা শুরু করেন। শনিবার সকাল ৭টার দিকে কারাড়িয়া টোল প্লাজা পার হয়ে সুলতানপুরের দিকে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। প্রথমে গাড়িটি একটি দেয়ালে ধাক্কা খায়, পরে নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়।
প্রাথমিক প্রতিবেদনে সাতজনের মৃত্যুর কথা জানানো হলেও পরবর্তী কয়েকটি সংবাদমাধ্যমের খবরে মৃতের সংখ্যা আটজন বলা হয়েছে। আহতদের কোটা মেডিকেল কলেজের সঙ্গে যুক্ত নিউ হাসপাতাল এবং এমবিএস হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে।
দুর্ঘটনার সময় অধিকাংশ যাত্রী ঘুমিয়ে ছিলেন বলে জানিয়েছে পুলিশ। চালকের ঘুম পেয়ে যাওয়ার কারণে গাড়িটি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ এখনো নিশ্চিত নয়।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও পথচারীরা উদ্ধারকাজে এগিয়ে আসেন। পরে পুলিশ, জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষের (এনএইচএআই) উদ্ধারকারী দল এবং জরুরি অ্যাম্বুলেন্স পরিষেবা ঘটনাস্থলে পৌঁছায়। গাড়ির ভেতরে আটকে পড়া যাত্রীদের উদ্ধারে ক্রেনও ব্যবহার করা হয়।
এদিকে, দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন রাজস্থানের সাবেক মুখ্যমন্ত্রী অশোক গেহলট। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

