কক্সবাজারের ইনানী বিচ এলাকায় একটি রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। নিহত সবাই পর্যটক। এ ঘটনায় দগ্ধ আরও পাঁচজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার সকালে ইনানী বিচ এলাকার ‘টুপটুপ’ নামের রিসোর্টটিতে আগুন লাগে। ফায়ার সার্ভিস সদর দপ্তর শনিবার দুপুরে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, সকাল ৭টা ২৫ মিনিটে তাঁরা আগুন লাগার খবর পান। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে সকাল সোয়া ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডে দগ্ধ সাতজনকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়েছিল। হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. সবুক্তগীন মাহমুদ জানান, তাঁদের মধ্যে দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি পাঁচজন হাসপাতালে ভর্তি রয়েছেন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে অন্যত্র স্থানান্তরের উদ্যোগ নেওয়া হবে।
কক্সবাজার ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন জানান, কাঠ দিয়ে তৈরি তিনতলা রিসোর্টটি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।
অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

