শারদীয় দুর্গাপূজার মহাঅষ্টমী আজ। সোমবার (১৯ অক্টোবর) সকালে কল্পারম্ভ, বিহিতপূজা ও চণ্ডীপাঠের মধ্য দিয়ে শুরু হয়েছে দেবী দুর্গার আরাধনা। অষ্টমীর অন্যতম আকর্ষণ কুমারী পূজা। এদিন কুমারী কন্যাকে দেবীর প্রতীক হিসেবে পূজা করে নারীশক্তির প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন ভক্তরা।
রাজধানীর রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনে সকাল থেকেই চলছে মহাঅষ্টমীর ধর্মীয় আচার-অনুষ্ঠান। সেখানে সকাল সাড়ে ৯টায় কুমারী পূজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সনাতন ধর্মীয় শাস্ত্র অনুযায়ী, কুমারী কন্যার মধ্যে দেবী দুর্গার রূপ কল্পনা করে এ পূজা করা হয়। প্রচলিত রীতি অনুযায়ী, এক থেকে ১৬ বছর বয়সী কুমারী কন্যাকে দেবীর প্রতীক হিসেবে আরাধনা করা হয়। নারীশক্তির প্রতি শ্রদ্ধা ও নারীর মর্যাদা প্রতিষ্ঠার বার্তাও বহন করে এ আয়োজন।
মহাঅষ্টমীর আরেকটি গুরুত্বপূর্ণ ধর্মীয় আচার সন্ধিপূজা। অষ্টমী ও নবমী তিথির সন্ধিক্ষণে এ পূজা অনুষ্ঠিত হয়। হিন্দু পুরাণ অনুসারে, চণ্ড ও মুণ্ড নামে দুই অসুরকে বধের স্মরণে দেবী দুর্গার চামুণ্ডা রূপের আরাধনা করা হয় এ সময়।
অষ্টমীর পূজায় ভক্তরা ফুল ও বেলপাতা দিয়ে দেবীর চরণে পুষ্পাঞ্জলি নিবেদন করবেন। বিভিন্ন মন্দিরে পূজা শেষে মহাপ্রসাদ বিতরণের আয়োজনও রয়েছে।

