পহেলা এপ্রিল ২০২৭ থেকে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু করবে জাপান। এ লক্ষ্যে কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নসংক্রান্ত একটি সমঝোতা স্মারক (এমওসি) স্বাক্ষর করেছে বাংলাদেশ ও জাপান। চুক্তিটির প্রাথমিক মেয়াদ পাঁচ বছর। পরে স্বয়ংক্রিয়ভাবে আরও পাঁচ বছর মেয়াদ বাড়ানোর বিধান থাকায় এর মোট মেয়াদ হবে ১০ বছর।
শনিবার (১৭ অক্টোবর) বাংলাদেশের পক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এবং জাপানের পক্ষে দেশটির বিচার মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বাস্থ্য, শ্রম ও কল্যাণ মন্ত্রণালয় এবং ন্যাশনাল পুলিশ এজেন্সির প্রতিনিধিরা চুক্তিতে স্বাক্ষর করেন।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশ ও জাপান সরকারের প্রায় এক বছরের প্রচেষ্টার ফল এই সমঝোতা স্মারক। চুক্তিটি দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের পাশাপাশি বাংলাদেশি কর্মীদের জন্য জাপানের শ্রমবাজারে নতুন সুযোগ তৈরি করবে বলে আশা করা হচ্ছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন জাপান সফরের সময় চুক্তির অনুলিপি আনুষ্ঠানিকভাবে দুই পক্ষের মধ্যে হস্তান্তর করা হবে।
চুক্তির সুবিধা তুলে ধরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, কর্মীদের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করা এবং কর্মী পাঠানো ও গ্রহণের ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা আরও জোরদার করা হবে। এর মাধ্যমে বাংলাদেশি কর্মীদের দক্ষতা উন্নয়নের সুযোগ তৈরি হবে। পাশাপাশি তারা উচ্চ বেতন ও জাপানে দীর্ঘমেয়াদে বসবাসের সুযোগ পেতে পারেন।
মন্ত্রী আরও বলেন, চুক্তির আওতায় বাংলাদেশি কর্মীরা জাপানের স্থানীয় শ্রমিকদের সমতুল্য আইনি সুরক্ষা পাবেন এবং কর্মক্ষেত্রে নারী-পুরুষের সমান সুযোগ নিশ্চিত করা হবে।
বিশেষ করে, গর্ভাবস্থা বা সন্তান জন্মদানের কারণে নারী বিদেশি কর্মীদের চাকরিচ্যুত করা কিংবা তাদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা যাবে না। গর্ভধারণ বা সন্তান প্রসবের কারণে জোর করে দেশে ফেরত পাঠানোর বাধ্যবাধকতাও চুক্তিতে রাখা হয়নি বলে জানান তিনি।
সংশ্লিষ্টদের আশা, চুক্তিটি বাস্তবায়িত হলে বাংলাদেশি কর্মীদের দক্ষতা উন্নয়ন ও বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ বাড়বে। একই সঙ্গে বাংলাদেশ ও জাপানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

